জয়ের ইঙ্গিতে বাইডেনের নিরাপত্তা জোরদার!

Spread the love

নাগরিক ডেস্ক: জয়ের সম্ভাবনা, বাইডেনের নিরাপত্তা জোরদার করছে গোয়েন্দা সংস্থা!জয়ের সম্ভাবনা, বাইডেনের নিরাপত্তা জোরদার করছে গোয়েন্দা সংস্থা! যুক্তরাষ্ট্রের নির্বাচনের ভোট গণনা যতই ঘনিয়ে আসছে ততই পাল্লা ভারী হচ্ছে জো বাইডেনের। ট্রাম্প থেকে তার ভোটের ব্যবধান অনেক বেড়ে গেছে। বিজয়ী হতে প্রয়োজনীয় ইলেকটোরাল কলেজ ভোটের খুব কাছাকাছি পৌঁছে গেছেন তিনি। যে কোনো সময় বিজয়ী ঘোষণা করা হতে পারে বাইডেনকে। আর প্রেসিডেন্ট নির্বাচিত হলে তার নিরাপত্তার পুরো দায়দায়িত্ব নিরাপত্তা বাহিনীর ওপর বর্তায়। তাই বিষয়টি মাথায় রেখে যু্ক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগ তার নিরাপত্তা জোরদার করছে। আজ শুক্রবার (৬ নভেম্বর) থেকেই সেই কার্যক্রম শুরু হচ্ছে বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাজ্যের উইলমিংটন শহর থেকে এবার নির্বাচনী প্রচার এবং ভোট পর্যবেক্ষণ করছেন বাইডেন ও তার দল। সেখানে বাইডেনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বেশ কিছু সদস্যকে পাঠানো হয়েছে বলে মেইল অনলাইনের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

শুক্রবার বাইডেন ভাষণ দিতে পারেন বলে তার প্রচার শিবির থেকে গোয়েন্দা সংস্থাকে জানানো হয়। তারপরই গোয়েন্দা সংস্থা বাইডেনের নিরাপত্তা জোরদার করতে এজেন্ট বাড়ানোর সিদ্ধান্ত নেয় বলে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানায়।

যদিও প্রেসিডেন্ট বা অন্য কোনো ভিআইপির সুরক্ষার ব্যবস্থা নিয়ে প্রকাশ্যে গোয়েন্দা সংস্থাগুলো সরাসরি কিছু জানায় না। তবে গোয়েন্দা সংস্থার কয়েক ডজন সদস্য উইলমিংটনে বাইডেনের প্রচার শিবিরে পাঠানো হয়েছে বলে গণমাধ্যম নিশ্চিত হয়েছে। এ বিষয়ে জানতে গোয়েন্দা বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলে তারা গণমাধ্যমকে কোনো তথ্য দিতে রাজি হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *