বিতর্কিতদের আ’লীগে মনোনয়ন, এমপি পংকজের ক্ষোভ

Spread the love

নাগরিক রিপোর্ট: বরিশালের মেঘনা ঘেরা মেহেন্দীগঞ্জে ইউপি নির্বাচনে বিতর্কিতদের মনোনয়ন দেয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় আ’লীগের মতামত উপেক্ষা করে জেলা আ’লীগ এসএমএস এর মাধ্যমে কেন্দ্রে আ’লীগের কাছে বিএনপি অনুসারী এবং সন্ত্রাসীদের নাম সুপারিশ করা হয়েছে। শনিবার মেহেন্দীগঞ্জে এক স্মরন সভায় স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথ এমন অভিযোগ করেছেন। এ নিয়ে বরিশালে আওয়ামী লীগের দুই পক্ষে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।


শনিবার রাতে মেহেন্দীগঞ্জে এক স্মরন সভায় বরিশাল-৪(হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনের সংসদ সদস্য পংকজ নাথ বলেন, আমার বিরুদ্ধে অভিযোগ আমি কেন্দ্রীয় সিদ্ধান্ত মানি না, বিদ্রোহী প্রার্থী দেই। আসলে ওনাদের (জেলা আ’লীগ) সিদ্ধান্তই হল আমাকে সাইজ করা। যারা দোকানপাট লুটপাট করেছে সেই মিলন, মিল্টনকে মনোনয়ন দিতে হবে- এতো দায়ে পড়েছে আ’লীগ!


এমপি পংকজ বলেন, মরহুম আলতফা সরদারের মাছ এবং টাকা কার পেটে যায়নি। ছুটকেস ভরা টাকাও তো গিয়েছে। তিনি জেলা আ’লীগকে ইঙ্গিত করে বলেন, আমরা যাদের সমর্থন দিব তাদের মনোনয়ন দিবেন না। নিমক হারাম না হয়ে আলতাফ সদরারের স্ত্রী কিংবা ছেলেকেও দিলে তাও মানতে পারতাম। আমরা যে তালিকা রেজ্যুলেশন করে পাঠিয়েছি বরিশাল জেলা আ’লীগ তা পাঠায়নি। জেলার সম্পাদক তালুকদার ইউনুস এসএমএস করেছেন কেন্দ্রে।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, মার্ডার কেসের ১ নং আসামী জামাল মোল্লা মনোনয়ন পেয়েছে। বিএনপির হালিমকে মনোনয়ন দেয়া হয়েছে। নির্বাচনে ভোট চাইতে গেলে এসব অপকর্মের কথা উঠে আসবে। এখন যদি লিফলেট বের হওয়া শুরু করে। এই দুর্বিত্তকেই কেন মনোনায়ন দিতে হবে। আপনারা বরিশাল থেকে এসএমএস পাঠিয়ে প্রধানমন্ত্রীকে বিবৃত করবেন। আ’লীগের এতো দায়ে পরেনি যে বিতর্কিতদের মনোনয়ন দিয়ে চেয়ারম্যান বানাতে হবে- বলেন এমপি পংকজ।


দলীয় সুত্রে জানা গেছে, মেহেন্দীগঞ্জের উলানিয়া ইউনিয়ন বিভক্ত করে নবগঠিত উত্তর উলানিয়া ও দক্ষিন উলানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০ নভেম্বর। ইতোমধ্যে আ’লীগ এর পক্ষ থেকে উত্তরে নুরুল ইসলাম জামাল মোল্লা এবং দক্ষিনে কাজী আ: হালিম মিলন চৌধুর কে মনোনয়ন দেয়া হয়েছে। স্থানীয় এমপি পংকজ সমর্থকদের দাবী জামাল মোল্লা সন্ত্রাসী এবং হালিম বিএনপির লোক। তবে জেলা আ’লীগের পক্ষ থেকে দাবী করা হয়েছে- এর আগে এ উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচন ও উপজেলা পরিষদে আ’লীগ মনোনিত প্রার্থীকে পরাজিত করে বিজয় লাভ করেছেন দলেরই বিদ্রোহী প্রার্থী। এবারও এমপি পংকজ দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী দাড় করিয়েছেন।


জানতে চাইলে বরিশাল জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক অ্যাড. মনসুর আহমেদ বলেন, এমপি পংজ একটি তালিকা পাঠিয়েছে জেলা আ’লীগের কাছে। জেলা আ’লীগের সাধারন সম্পাদক অ্যাড. তালুকদার মো: ইউনুস ওই তালিকা কেন্দ্রে পাঠিয়েছেন। এমপির মনোপুত না হলেই সেখানে বিদ্রোহী প্রার্থী দেন, এটা তার স্বভাব। জেলা আ’লীগের বিরুদ্ধে বিতর্কিতদের মনোনয়ন দেয়ার কথা এমপি বলতে পারেন না। তিনি কাগজে কলমে জেলা আ’লীগের উপদেস্টা থাকলেও দলের বিরুদ্ধেই মনগড়া কথা বলেন। একজন সাংসদের বিরুদ্ধে এমন কুরুচিপূর্ন বক্তব্য মানায় না। তিনি বলেন, এমপির এধরনের বক্তব্যে দলে ক্ষোভ বিরাজ করছে।


তবে স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথ অনুসারী উপজেলা আ’লীগের সহ সভাপতি খোরশেদ আলম ভুলু বলেন, উলানিয়ার দক্ষিনে আ’লীগের প্রার্থী আ: হালিম দলের কেউ নন, তার পরিবার বিএনপি করে। সেখানকার আ’লীগ এজন্য ক্ষুব্ধ। উত্তরের প্রার্থী জামাল মোল্লা সন্ত্রাসী। তাকে মনোনয়ন দেয়ায় নেতাকর্মীরা ক্ষুব্ধ। তৃনমুলের সমর্থনের তালিকা অনুসরন করে জেলা আ’লীগ কেন্দ্রে সুপারিশ করেনি। বরিশাল জেলা আ’লীগ কেন্দ্রকে ভুল বুঝিয়ে মনোনয়ন বিতর্কিতদের দিয়েছে।


এব্যপারে বরিশাল জেলা আ’লীগের সাধারন সম্পাদক অ্যাড. তালুকদার মো: ইউনুস বলেন, মেহেন্দীগঞ্জের উলানিয়ায় ইউপি নির্বাচনে বরিশাল জেলা আ’লীগ নয় দলের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড প্রার্থী চুড়ান্ত করেছে। সাংসদ পংকজের এসব বিষয়ে কথা বলার রাজনৈতিক অধিকার নেই। তাকে দল থেকে অনেক আগে অব্যাহতি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারন সম্পাদক) দেয়া হয়েছে। তার আর এখন রাজনৈতিক কোন পরিচয় নেই। তাই উনি (এমপি পংকজ) কোন তালিকা আমাদের কাছে পাঠানোর এখতিয়ারও রাখেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *