নাগরিক ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন অন্যের ওপর ভর করে ক্ষমতায় যেতে অন্ধকারের চোরাগলি খুঁজছে।
ওবায়দুল কাদের বৃহস্পতিবার লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এসব কথা বলেন। তিনি তাঁর সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সভায় যুক্ত হন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ধর্মীয় সহনশীলতা বিনষ্টের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। বিএনপি এখন একটি ব্যর্থ রাজনৈতিক দলে পরিণত হয়েছে। তাই অন্যের ওপর ভর করে ক্ষমতায় যেতে অন্ধকারের চোরাগলি খুঁজছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেন, মীমাংসিত বিষয় নিয়ে আপস করার কোনো সুযোগ নেই। সেতুমন্ত্রী বলেন, শান্তিপূর্ণ আন্দোলন বা সমাবেশ করলে সরকার কোনো বাধা দেবে না, তবে আন্দোলনের নামে অশান্তি সৃষ্টি করলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে।
দলে মনোনয়ন নিয়ে বাণিজ্য করা থেকে বিরত থাকতে নেতা-কর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, দিনের পর দিন ক্ষমতার অপব্যবহার করার জন্য দলের পদ-পদবি কাউকে ইজারা দেওয়া হয়নি। দল করলে দলের শৃঙ্খলা মানতে হবে। উন্নয়ন-অর্জনে কোনো লাভ হবে না, যদি দলে শৃঙ্খলা ফিরে না আসে। সাধারণ মানুষের সঙ্গে আচরণ খারাপ করে উন্নয়নকে ম্লান না করারও আহ্বান জানান কাদের।
