নাগরিক ডেস্ক: আগামী ২০২২ সাল থেকে পদ্মা সেতুর ওপর দিয়ে যান চলাচল করবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিশ্বব্যাংককে চ্যালেঞ্জ করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত নেওয়ার মতো সাহস একমাত্র বঙ্গবন্ধুর কন্যারই রয়েছে, তা তিনি প্রমাণও করেছেন। পদ্মা সেতু নির্মাণে কোনো প্রকার অনিয়ম হয়নি এবং স্বচ্ছতার সামান্যতম ঘাটতিও ছিল না।
শুক্রবার বনানীর সেতু ভবনে মহান বিজয় দিবস ২০২০ উদ্যাপন এবং মুজিব শতবর্ষে ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ’ কর্নার-এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেতু বিভাগের সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন।
ওবায়দুল কাদের আরও বলেন, বিজয়ের চেতনা ধারণ করে মুক্তিযুদ্ধের অঙ্গীকার বাস্তবায়নে জাতি আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। বিজয়ের এ মাসে সাম্প্রদায়িকতার মূলোৎপাটনের মাধ্যমে একটি ক্ষুধা, দারিদ্র্যমুক্ত এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য সবার প্রতি আহ্বান জানান সেতুমন্ত্রী। আলোচনা অনুষ্ঠানে সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
