মৃদু শৈত্যপ্রবাহের আচঁ বরিশালে

Spread the love

নাগরিক ডেস্ক: কথায় আছে, মাঘ মাসের শীতে নাকি বাঘ কাঁপে। কিন্তু এবার পৌষের শুরু থেকেই শীত জেঁকে বসার চেষ্টা করছে। চলতি মৌসুমের প্রথম দফা শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে উত্তরাঞ্চলের তিনটি জেলায়। মৃদু শৈত্যপ্রবাহ এর আচঁ পড়ছে বরিশালেও।

জেলাগুলো হলো- নীলফামারী, পঞ্চগড় ও কুড়িগ্রাম। এই তিন অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। আবহাওয়া অধিদপ্তর একে বলছে মৃদু শৈত্যপ্রবাহ।

শুক্রবার (১৮ ডিসেম্বর) উত্তরের অঞ্চল তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি। এছাড়াও রংপুর ও রাজশাহী অঞ্চলের অধিকাংশ স্থানে তাপমাত্রা ছিল ৯ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস গণমাধ্যমকে বলেন, ‘মৃদু শৈত্যপ্রবাহ সপ্তাহখানেক থাকতে পারে। তাপমাত্রা আরো কমতে পারে। ফলে উত্তর-পশ্চিমাংশের কোথাও কোথাও এটি বিস্তার লাভ করতে পারে। মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশাও থাকতে পারে।’

বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুন্ড ও কক্সবাজারে ২৯ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। এদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে বিস্তৃত রয়েছে।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ১৫ মিনিটে ও আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬ টা ৩৬ মিনিটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *