এইচএসসির ফল এ মাসেই

Spread the love

নাগরিক ডেস্ক: করোনা মহামারির কারণে এবছর এইচএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে। এইচএসসি পরীক্ষার পরিবর্তে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলের গড়ের ভিত্তিতে এইচএসসি পরীক্ষার ফল ঘোষণা করা হবে। আর এই ফল এ মাসের (ডিসেম্বর) মধ্যেই প্রকাশ করা হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম আমিরুল ইসলাম রোববার (২০ ডিসেম্বর) গণমাধ্যমকে একথা বলেছেন। তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে এইচএসসির ফল ঘোষণা করা হবে। সে লক্ষ্যে আমরা চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছি।

গত ৭ অক্টোবর শিক্ষামন্ত্রী দীপু মনি প্রেস ব্রিফিংয়ে জানিয়েছিলেন, করোনা মহামারীর মধ্যে প্রাথমিক সমাপনী (পিইসি) ও জেএসসির মতো এবারের এইচএসসি পরীক্ষাও নেয়া হবে না। তবে অষ্টমের সমাপনী এবং এসএসসির ফলাফলের গড় করে এবারের এইচএসসির ফল নির্ধারণ করা হবে।
আর এই ফল ডিসেম্বর মাসের মধ্যেই প্রকাশ করা হবে বলেও তিনি জানিয়েছিলেন।

এরপর গত ২৫ নভেম্বরও শিক্ষামন্ত্রী বলেছিলেন, এবারের বাতিল হওয়া এইচএসসির ফল ডিসেম্বরের মধ্যেই প্রকাশ করা হবে। ওইদিন সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে ভর্তি সংক্রান্ত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী জানান, ১১টি শিক্ষা বোর্ডে ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৬৫ হাজার ৭৮৯ জন। এদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ১০ লাখ ৭৯ হাজার ১৭১ জন এবং অনিয়মিত পরীক্ষার্থী দুই লাখ ৬৬ হাজার ৫০১ জন।

শিক্ষামন্ত্রীর দেয়া এই বক্তব্যের প্রসঙ্গ তুলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম আমিরুল ইসলাম রোববার বলেন, আশা করছি- শিক্ষামন্ত্রী মহোদয়ের কমিটমেন্ট অনুযায়ী আমরা রেজাল্ট তৈরি করতে পারব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *