নাগরিক রিপোর্ট: ৩০ ডিসেম্বর কালো দিবস পালনে বরিশালে অনুষ্ঠিত বিএনপি ও বাম গণতান্ত্রিক ফ্রন্টের সমাবেশে বক্তারা বর্তমান জাতীয় সংসদ ভেঙ্গে দিয়ে পুন:নির্বাচন দাবী করেছেন। তারা বলেছেন, ২০১৮ সালের ২৯ ডিসেম্বর রাতে ভোট ডাকাতি হয়েছে। পরদিন ৩০ ডিসেম্বরের নির্বাচনে জনগণের মতামতের প্রতিফলন হয়নি। অবৈধ নির্বাচনে গঠিত পালার্মেন্ট সাধারন জনগনের জন্য কল্যান বয়ে আনতে পারেনা।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তিতে কালো দিবস পালনে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে মহানগর বিএনপি। বুধবার বেলা ১২টায় নগরীর অশ্বিনী কুমার হল সংলগ্ন বিএনপি কার্যালয় চত্বরে এ কর্মসুচী পালিত হয়। একই সময়ে অদুরে কালো পতাকা সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক ফ্রন্ট।
বিএনপির সমাবেশে বক্তৃতা করেন দলটির কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব ও বরিশাল মহানগর সভাপতি মজিবর রহমান সরোয়ার, সহ সভাপতি মনিরুজ্জামান ফারুক, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়াউদ্দিন সিকদার, আনোয়ারুল হক তারিন, সৈয়দ আকবর, আক্তারুজামান শামীম, শরীফ তাসলিমা কালাম প্রমুখ।
বাম গণতান্ত্রিক পার্টির সমাবেশে বক্তৃতা করেন কমিউনিষ্ট পার্টির জেলা সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম ও সাধারন সম্পাদক অধ্যাপক দুলাল মজুমদার, ইউনাইটেড কমিউনিষ্ট লীগের অধ্যাপক নৃপেন্দ্র নাথ বাড়ৈ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদের প্রকৌশলী ইমরান হাবিব রুমন, গণসংহতি আন্দোলনের দেওয়ান আব্দুর রশিদ নীলু প্রমুখ।
