মার্চে করোনার আরেক ধাক্কার আশঙ্কা

Spread the love

নাগরিক ডেস্ক: দেশে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ হয়েছিল গত বছর মার্চে। বর্তমানে সংক্রমণের হার অনেকটা কমে এলেও আগামী মার্চে আরেকটি ধাক্কা দিতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভ্যাকসিন এলেও সবাইকে স্বাস্থ্য সচেতনতা রক্ষা করার আহ্বান জানিয়েছেন তিনি।

রবিবার বিকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘করোনাভাইরাস আমাদের অগ্রযাত্রা কিছু ব্যাহত করেছে, তাতে সন্দেহ নেই। করোনাভাইরাসের জন্য ইতিমধ্যে ভ্যাকসিন কেনার সমস্ত ব্যবস্থা আমরা করে ফেলেছি, ইনশাল্লাহ ভ্যাকসিন এসে যাবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘তারপরও বলবো সবাইকে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতে হবে। স্বাস্থ্য সুরক্ষা মেনে নিজেকে রক্ষা করতে হবে অন্যকে রক্ষা করতে হবে। এটাই হচ্ছে সবচেয়ে বড়। যত ভ্যাকসিন যাই আমরা নিই না কেন তারপরও কিন্তু সবাইকে মাক্স পরা, হাত ধোয়া, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, ভিটামিন সি এবং ডি এই ধরনের খাবার খাওয়া এগুলো আমাদের সবাইকে মানতে হবে।’

শেখ হাসিনা বলেন, ‘এইগুলো মেনেই কিন্তু করোনাভাইরাসকে আমরা কিছুটা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। আপনারা জানেন মার্চ মাসেই করোনাভাইরাস আমাদের সব থেকে বেশি ক্ষতি করেছিল। সেই সময় কিন্তু আবার একটা ধাক্কা দিতে পারে।’

সরকারপ্রধান বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে জাতীয় ঐক্যের ডাক দিয়ে দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি দিয়েছিলেন এবং সেই ব্রিটিশ আমল থেকে তৈরি করা যে শাসনব্যবস্থা আমূল পরিবর্তন করে গণমুখী ব্যবস্থা তিনি করবার পদক্ষেপ নিয়েছিলেন, সেটা যদি করে যেতে পারতেন তাহলে পরবর্তী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশে ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলা হিসেবে গড়ে উঠত এতে কোনো সন্দেহ নেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *