নাগরিক রিপোর্ট: বরিশালে গোয়েন্দা পুলিশ গ্রেফতারের পর কারাগারে অসুস্থ হয়ে মৃত্যুবরনকারী শিক্ষানবীস আইনজীবী রেজাউল করিমের মৃত্যুর ঘটনায় দায়ী পুলিশ কর্মকর্তার বিচারের দাবীতে মানববন্ধন হয়েছে। মৃত রেজাউলের স্বজন এবং এলাকাবাসীর উদ্যোগে রোববার বেলা ১২টায় নগরীর সদর রোডের অশি^নী কুমার হলের সামনে এ কর্মসূচী পালিত হয়। জেলা বাসদ এবং গনসংহতি আন্দোলনের নেতাকর্মীরা একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশগ্রহন করেন।
মৃত রেজাউলের বাবা ইউনুস মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন রেজাউলের স্ত্রী মারুফা বেগম, জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী এবং সোঁনারগাঁও টেক্সটাইল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারন সম্পাদক নুরুল হক সহ অন্যান্যরা। বক্তারা রেজাউল করিম হত্যায় অভিযুক্ত গোয়েন্দা পুলিশ সদস্যদের গ্রেফতার এবং বিচারের মাধ্যমে ফাঁসির দাবি জানান।
প্রসঙ্গত, গত ২৯ ডিসেম্বর রাত সাড়ে ৮টায় শিক্ষানবীশ আইনজীবী রেজাউল করিমকে নগরীর সাগরদী হামিদ খান সড়ক থেকে গ্রেফতার করেন গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মহিউদ্দিন। ওই রাতেই মহিউদ্দিন বাদী হয়ে তার বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেন। ৩০ ডিসেম্বর রেজাউলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
১ জানুয়ারী জানুয়ারী রাত সাড়ে ৯টায় সে কারা হাসপাতালে অসুস্থ্য হলে তাকে শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়। ২ জানুয়ারী দিবাগত রাত ১২টা ৫ মিনিটে তার মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ পুলিশী নির্যাতনে রেজাউল অসুস্থ হয়ে তার মৃত্যু হয়।
