নাগরিক রিপোর্ট:
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, একটি রাষ্ট্রের জনসংখ্যাসহ সকল তথ্য সমৃদ্ধ হয় জনশুমারীর মাধ্যমে। রাষ্ট্রের ভান্ডারে হালনাগাদ তথ্য থাকলে টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহন সহজ হয়। এজন্য প্রতিটি রাষ্ট্রে প্রতি ১০ বছর পর পর জনশুমারীর মাধ্যমে ঘরে ঘরে গিয়ে তথ্য সংগ্রহ করা হয়। এবছর ৪ লাখ কর্মী এ কার্যক্রমে অংশ নিয়ে জনশুমারী ও গৃহগণনার তথ্য সংগ্রহ করবে। জাতীয় তথ্য নিয়ে খেলা করতে কেউ পারে না। তাদের গাফেলতিতে সঠিক তথ্য সংগ্রহ ব্যাহত হলে সংশ্লিষ্ট কর্মীকে ফৌজদারী অপরাধের মুখোমুখি হতে হবে।
আসন্ন জনশুমারী ও গৃহগণনা উপলক্ষে বরিশালে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন পরিকল্পনা মন্ত্রী। বৃহস্পতিবার নগরীর সার্কিট হাউজ মিলনায়তনে পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বরিশালের বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার।
পরিকল্পনা মন্ত্রী মান্নান আরও বলেন, ৫০ বছর আগে আমরা অন্ধকার থেকে বেড়িয়ে ভৌগিলিক স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতা অর্জনের মুল আকাংক্ষা অর্থনৈতিক মুক্তি এখনও অর্জিত হয়নি। এর পেছনের কারন জানিয়ে পরিকল্পনা মন্ত্রী বলেন, ৫০ বছরের ২০ বছর কেড়ে নিয়েছে স্বৈরশাসকরা। ২০ বছর কেটেছে সংবিধান কাটাছেড়ার মধ্যদিয়ে। সর্বশেষ গত ১০-১১ বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের মাধ্যমে দেশ এখন অর্থনৈতিক মুক্তির পথে এগুচ্ছে। এখন আমাদের বৈদিশিক রিজার্ভ ও মাথাপিছু আয় আগের চেয়ে তিনগুন বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন, বরিশালের কোন উন্নয়ন প্রকল্পকে অগ্রাহ্য করার সুযোগ নেই। যেসব প্রকল্প পর্যবেক্ষনে আছে তা শিঘ্রই অনুমোদন দেয়া হবে। বরিশাল সিটি মেয়র চাইলে তাকে ৫০ কোটি টাকার প্রকল্প প্রদান করা হবে। তিনি বরিশালবাসীকে হতাশ না হতে বলে জানান, এবছরের মধ্যেই ভাঙ্গায় রেল লাইনের কাজ শুরু হবে। যার মাধ্যমে সরকারের ভাঙ্গা থেকে পায়রা রেল লাইন করার পরিকল্পনা এগিয়ে যাবে।
কর্মশালায় আরও বক্তৃতা করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মো. তাজুল ইসলাম, প্রকল্প পরিচালক কবির উদ্দিন আহম্মেদ, বরিশাল বিভাগীয় যুগ্ন পরিচালক মো. মিজানুর রহমান প্রমুখ।
