পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম দীপ্ত (২৫)কে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে চিহ্নিত সন্ত্রাসীরা। মঙ্গলবার সন্ধ্যায় পৌর শহরের কুমারপট্টি এলাকায় এই হামলার ঘটনা ঘটেছে।
স্থানীয়ররা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম দীপ্তকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে আশংকাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করেন। আহত দীপ্ত কলাপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী দিদার উদ্দিন আহমেদ মাসুম’র কর্মী।
দীপ্ত জানান, তিনি মোটরসাইকেল যোগে আওয়ামীলীগ কার্যালয়ে যাবার পথে নৌকা প্রতীক প্রার্থীর কর্মী পৌর ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান শুভ, আলিফ মাহমুদ রুদ্রের নেতৃত্বে তার ওপর হামলা করে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। স্বতন্ত্র প্রার্থী দিদার উদ্দিন মাসুম ব্যপারি জানান, নৌকা মার্কার প্রার্থী পরাজয় নিশ্চিত জেনে আমার কর্মী সমর্থকদের উপর হামলা করা শুরু করেছে এগুলো বন্ধ না করতে পারলে আগামী ১৪ফেব্রæয়ারী নির্বাচন আদৌও সুষ্ঠু হবে কিনা তা নিয়ে শংসয় রয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে আওয়ামীলীগ দলীয় নৌকা মার্কার প্রার্থী বিপুল হাওলাদার জানান, এ ঘটনার সাথে আমি বা আমার সমর্থক ছাত্রলীগ জড়িত না। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানিনা। আর উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান শুভ’র সাথে মোবাইল ফোনে বার বার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এলাকার জনমনে আতংক বিরাজ করছে।
কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডা: অনুপ কুমার সরকার বলেন, হাতের বাম পাশে, পিছনে ও মাথায় আঘাতের পাঁচটি চিহ্ন রয়েছে।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ঘটনা শুনেছি, সেখানে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
