নাগরিক রিপোর্ট:
বরিশালে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক শামিম দুস্থদের মাঝে কম্বল বিতরনকালে স্থানীয় আ’লীগের দুই পক্ষে হাতাহাতি সংঘটিত হয়েছে। শনিবার দুপুরে প্রতিমন্ত্রীকে ফুল দেয়া ও কম্বর ভাগাভাগি নিয়ে সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের ৩ নং কাগাসুরা বাজারে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, শনিবার দুপুরে বরিশাল সদর উপজেলার চড়বাড়িয়া ইউনিয়নের কাগাসুরা বাজার সংলগ্ন গরুর হাটের সামনে শীতার্তদের মাঝে কম্বল বিতররণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। তার আগমনে বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে আসে। জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিমন্ত্রীর সমর্থন পাওয়া নিয়ে সেখানে দুই পক্ষ অবস্থান নেয়।
এক পর্যায়ে ৩ নং ওয়ার্ড যুবলীগ নেতা খোকন হাওলাদার ও শফিকুল ইসলামের নেতৃত্বে প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে মিছিল নিয়ে আসলে চরবাড়িয়া ইউনিয়ন আ’লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম ওরফে ইটালী শহিদ তার সমর্থকদের নিয়ে মিছিলে অতর্কিত হামলা চালায়। এসময় দুই পক্ষ সংঘাতে জড়িয়ে পরে। এসময় প্রতিমন্ত্রী জাহিদ ফারুক অনুষ্ঠান স্থলে এসে পৌছেন। পরে কাউনিয়া থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
জানা গেছে, কম্বল বিতরনের নামে শত শত কর্মী আনে শহিদ আর খোকন। ওই কম্বল না পাওয়া নিয়ে শহিদ, খোকন, সোহেল, বাচ্চুর সাথে হাতাহাতি হয়।
চরবাড়িয়া ইউনিয়নের যুবলীগ নেতা খোকন হাওলাদার জানান, তারা মন্ত্রীকে শুভেচ্ছা জানাতে মিছিল নিয়ে এসেছিলেন। ওই সময়ে ফুল দেয়া নিয়ে নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি হয়েছে।
এব্যপারে চরবাড়িয়া ইউনিয়ন আ’লীগ সভাপতি শহিদুল ইসলাম ওরফে ইটালী শহিদ বলেন, অনুষ্ঠান চলাকালে রাস্তায় দাড়িয়ে ভীর করছিল অনেকে। এজন্য সকলকে ভেতরে যেতে বলা হয়। তিনি পরে গিয়ে সবাইকে ভেতরে নিয়ে এসেছেন। হাতাহাতির কোন ঘটনা ঘটেনি।

