ঢাকায় পুলিশের সাথে সংঘর্ষে বিএনপির সমাবেশ পণ্ড

Spread the love

নাগরিক রিপোর্ট : বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ শেষে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর বারোটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিএনপি নেতাকর্মীদের ধাওয়া দিচ্ছে পুলিশ

সমাবেশে যখন প্রধান অতিথি ড. খন্দকার মোশাররফ হোসেন বক্তব্যের শেষ পর্যায়ে, তখন কদম ফোয়ার দিক থেকে পুলিশ একযোগে সমাবেশের দিকে এগোতে থাকে। ফুটপাতের উপর সমাবেশ মঞ্চের সামনে এসে বক্তৃতা বন্ধ করতে বলেই লাঠিপেটা শুরু করে পুলিশ সদস্যরা। নেতা-কর্মীরা তখন তোপখানা রোড, জাতীয় প্রেস ক্লাবের ফটক ডিঙিয়ে পালাতে থাকে। পুলিশের ব্যাপক লাঠিচার্জে ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক আমিনুর রহমান আমিন, তবিয়র রহমান সাগর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহবায়ক শাফি, শহিদুল্লাহ হল ছাত্রদলে সভাপতি শাহিন, এসএম হলের নাহিদুজ্জান শিপন, মহসিন হলের রোমান পাঠান, নয়ন ছাড়াও বিএনপি ছাত্রদল যবুদলের প্রায় ২৫ থেকে ৩০ নেতাকর্মী আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

এদিকে এ ঘটনায় দুই জন পুলিশ সদস্যকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশের বেধরক লাঠিচার্জ

এছাড়া অনেক নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে বলে অভিযোগ করেছে বিএনপি। সংঘর্ষের সময়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান, কেন্দ্রীয় নেতা শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, নাজিম উদ্দিন আলম প্রেস ক্লাবের ভেতরে আশ্রয় নেন। সড়কে যান চলাচল স্বাভাবিক হলে বেলা ১২টা ৫০ মিনিটে তারা বেরিয়ে আসেন।ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের সভাপতি যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে, দক্ষিণের কাজী আবুল বাশার এবং উত্তরের আবদুল আলীম নকীর পরিচালনায় সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ডজন খানেক নেতা বক্তব্য রা্খেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *