নাগরিক ডেস্ক:
বরিশালে ১৫০ পিস ইয়াবাসহ এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার আবু তাহের (২৮) বরিশাল মহানগরের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক এবং নগরীর কাউনিয়া পুরানপাড়া এলাকার বাসিন্দা।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ মাঠে মাদক বেচাকেনা চলছে-এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালান নগর গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় কলেজের সমাজ কল্যাণ ভবনের সামনে থেকে ছাত্রদল নেতা আবু তাহের ও তার সহযোগী অপুকে আটক করা হয়। এ সময় তাদের শরীর তল্লাশি করে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করে ডিবি পুলিশ।
এই ঘটনায় নগর গোয়েন্দা শাখার পরিদর্শক (এসআই) খায়রুল আলম বাদী হয়ে আবু তাহের ও অপুর বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
এসআই খায়রুল আলম জানান, শনিবার বিকেলে তাদের বরিশাল আদালতে প্রেরণ করা হলে উভয়কে জেলহাজতে প্রেরণ করা হয়। গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক আবু তাহেরের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে এবং একটি মাদক মামলায় তার সাজাও হয়েছিল।
