নাগরিক রিপোর্ট:
করোনার প্রভাবে পর্যটন কেন্দ্র কুয়াকাটা আবারও বন্ধ ঘোষণা করা হয়েছে। ১ এপ্রিল থেকে ১৫ দিন কুয়াকাটায় ভ্রমণ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে পটুয়াখালী জেলা প্রশাসন। এ খবর নিশ্চিত করেছে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ।
একই সঙ্গে মহিপুর থানা জানিয়েছে, সারাদেশের মতো কুয়াকাটা পর্যটন কেন্দ্র আগামী ১৫ এপ্রিল পর্যন্ত আবারও বন্ধ রাখা হয়েছে। বুধবার সন্ধ্যায় পটুয়াখালী জেলা প্রশাসন, জেলা পুলিশ ও কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের উদ্যোগে মাইকিংসহ পর্যটন ব্যবসায়ীদের নিয়ে সভা করে এ বিষয়ে সতর্ক করা হয়েছে।
বুধবার রাত সাড়ে ৮টায় জরুরি সভায় আবাসিক হোটেল-মোটেল, রিসোর্টসহ পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এ নিষেধাজ্ঞা ১ এপ্রিল ২০২১ থেকে শুরু হয়ে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে।
এ প্রসঙ্গে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের ইনচার্জ সিনিয়র এএসপি সোহরাব হোসেন বলেন, সারা দেশের মতো ১ এপ্রিল থেকে আগামী ১৫ দিনের জন্য পর্যটন কেন্দ্র কুয়াকাটার সব আবাসিক হোটেল-মোটেল ও রিসোর্টগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।
