নাগরিক রিপোর্ট:
বরিশালে এক ব্যবসায়ীকে হাতুরিপেটা করার অভিযোগ উঠেছে সদর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আশিকুর রহমান সুজনের বিরুদ্ধে। পাওনা টাকা চাওয়া নিয়ে বিরোধের জেরে এ হামলা চালানো হয় বলে জানা গেছে। আহত ব্যবসায়ী রূহুল কুদ্দুস রাহাত (৩০) বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
শনিবার রাতে বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের মোল্লাবাড়ি বাসষ্টান্ডে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রলীগ নেতা আশিকুর রহমান সুজনসহ ৫ জনকে আসামী করে বন্দর থানায় মামলা দায়ের করেছেন আহত রাহাতের বাবা গোলাম কবির। আহত রূহুল কুদ্দুস রাহাত ও অভিযুক্তরা সকলে সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের বাসিন্দা।
মামলা দায়ের হওয়ার সত্যতা নিশ্চিত করে বন্দর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন তালুকদার জানান, এ ঘটনায় এজাহারভুক্ত আসামী খালিদ হোসেন রবিন এবং সন্দেহভাজন হিসাবে মেহেদিকে গ্রেফতার করা হয়েছে।
আহত রাহাতের ভাই রাব্বি জানিয়েছেন, শনিবার সন্ধ্যা ৭টার দিকে ছাত্রলীগ নেতা সুজনের নেতৃত্বে মোল্লা বাড়ি বাসষ্টান্ডে লিটনের ইলেকট্রনিক্স দোকানে হামলা চালিয়ে ভাংচুর ও লিটনকে মারধর করে। এরপরে রাহাতের বাড়িতে হামলা চালানো হয়। পরে মোল্লাবাড়ি বাসষ্টান্ডে রাহাতকে পেয়ে সুজন তার লোকজন নিয়ে তাকে বেদম মারধর ও হাতুরিপেটা করেছে।
টুঙ্গিবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ধলু মোল্লা জানান, পাওনা টাকা চাওয়া নিয়ে বিরোধের জের ধরে শনিবার রাতে হামলার ঘটনা ঘটে।
তবে সদর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আশিকুর রহমান সুজন দাবী করেছেন, রাহাতের সঙ্গে তার কোন ব্যবসায়ীক সম্পর্ক নেই। তবে ভোলার ব্যবসায়ী তুহিন রাহাতের কাছে ১ লাখ ৭২ হাজার টাকা পাবেন। তুহিন বিষয়টি তাকে অবহিত করেছে। তিনি বিষয়টি রাহাত ও তার মাকে জানান। এতে রাহাত ক্ষিপ্ত হয়ে ফেসবুকে তার বিরুদ্ধে মন্তব্য করে পোষ্ট দিতে থাকে। এতে ক্ষিপ্ত হয়ে রাহাত তার ওপর হামলা চালায়। হামলা করতে গিয়ে রাহাত নিজেই আহত হয়েছে।
