করোনায় বেড়েছে মৃত্যু ও শনাক্ত

Spread the love

নাগরিক ডেস্ক:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে। বৃহস্পতিবার সকাল আটটা থেকে আজ শুক্রবার সকাল আটটা পর্যন্ত করোনাভাইরাসে সংক্রমিত আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ৩৫৮ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার করোনাভাইরাসে ২২ জনের মৃত্যু হয়। সেদিন ১ হাজার ২৯২ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৬০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৯ দশমিক ৩০ শতাংশ।

দেশে এ পর্যন্ত মোট করোনাভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৯৬ হাজার ৩৪৩ জন, মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৫১১। মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৩৬ হাজার ২২১ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম নতুন করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেয়। পরে তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। তারপর ধীরে ধীরে বাড়তে থাকে সংক্রমণ। গত বছরের শেষ দিকে এসে সংক্রমণ কমতে থাকে।

এ বছরের মার্চ থেকে করোনার সংক্রমণ আবার বেড়ে যায়। মার্চের প্রথমার্ধেই দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা হাজারের ওপরে চলে যায়। বাড়তে থাকে মৃত্যুর সংখ্যাও। গত ২৬ মার্চের বুলেটিনে আগের ২৪ ঘণ্টায় ৩৪ জনের মৃত্যু খবর দেওয়া হয়, সেখানে এক মাস পর ২৫ এপ্রিলের বুলেটিনে ১০১ জনের মৃত্যুর কথা জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *