ইয়াস’র দাপটে তছনছ গ্রামীন সড়ক

Spread the love

নাগরিক রিপোর্ট:
ঘূর্নিঝড় ইয়াস এর প্রভাবে বরিশাল জেলার ১০ উপজেলারই বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। এতে উপজেলাগুলোর গ্রামীন সড়ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। কোন কোন কাঁচা সড়ক বিচ্ছিন্ন হয়ে গেছে। কোনটার পাকা সড়ক ভেঙ্গে পিস বেড় হয়ে গেছে। খানাখন্দে তছনছ হয়ে গেছে গ্রামগঞ্জের সড়কগুলো। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে মেঘনা ঘেরা মেহেন্দীগঞ্জ ও হিজলা উপজেলার।

বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়ীয়া ইউপি সদস্য প্রার্থী রিয়াজ হোসেন জানান, টুঙ্গিবাড়িয়ার ৯নং ওয়ার্ডের বারইকান্দি গ্রামে ঘূর্ণিঝড় ইয়াসের তান্ডবে খাস পুকুরের পূর্বপাশে ২টি, খাস পুকুরের পশ্চিম পাশে ২টি, জালাল ফরাজীর বাড়ির সামনে, মোঃ খালেক হাওলাদার বাড়ির সামনে, বারইকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিন পাশে এবং সুলতান হাওলাদার বাড়ীর সামনের রাস্তাগুলো ভেঙ্গে গেছে। এছাড়া চন্দ্রমোহনের টুমচরে সড়কের অনেকটা ক্ষতি হয়েছে।

মেহেন্দীগঞ্জে ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এর প্রভাবে গজারিয়া নদীর পানি স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পেয়ে চরলতা গ্রামের ৪টি বাঁধ ভেঙ্গে পানি ঢুকে প্লাবিত হয়েছে। সেখানকার ইউপি সদস্য খালেদ মোশাররফ হাওলাদার জানান, গজারিয়া নদীর পানির চাপে তার ওয়ার্ডের ৫টি রাস্তা ভেঙ্গে গেছে। পৌর শহরের অনেক রাস্তার পিচ উঠে গেছে।

জোয়ারের পানিতে উজিরপুর উপজেলার সাতলা সড়ক বিচ্ছিন্ন হয়ে গেছে। ওই সড়কের চতল বাড়ি ও ডাবেরকুলের মধ্যবর্তী মৃধা বাড়ির সামনের পাকা রাস্তাটি ভেঙ্গে বিচ্ছিন্ন হতে চলছে। স্থানীয়রা বালুর বস্তা ফেলে কিছুটা প্রতিরোধ করলেও মটরসাইকেল ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে পারে না। উজিরপুর পৌরশহর, শিকারপুর, হারতা, জল্লা ,ওটরা, বরাকোঠায় রাস্তার ব্যাপক ক্ষতি হয়েছে।

হিজলা উপজেলায় জোয়ারের পানি উঠে বেশ কিছু পাকা ও কাচা রাস্তা ভেঙ্গে গেছে। বাউসিয়া, পুরাতন হিজলা, টুমচরের বেরিবাধ ভেঙ্গে গেছে। পুরাতন হিজলা থেকে উপজেলা চত্তরে যাওয়ার সড়ক ব্যাপক ক্ষতিগ্রস্থ। বেরিবাধসহ এখানে কাচাঁ ও পাকা প্রায় ৩০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্থ হয়েছে বলে স্থানীয় সুত্রে জানা গেছে।

জেলার বাবুগঞ্জের বেশ কয়েকটি সড়ক চলাচল অনুপোযোগী হয়ে পড়েছে। বিশেষ করে বরিশাল নগরী থেকে লাকুটিয়া সড়ক খানাখন্দে চলাচল দুরহ হয়ে পড়েছে। এই সড়কটির কয়েক কিলোমিটার পথ এতোটাই বেহাল যে একাধিকবার দুর্ঘটনা ঘটেছে বলে জানান লাকুটিয়ার ইজিবাইক চালক রহিম উদ্দিন।

ঘূর্নিঝড় ইয়াস এর পর এখন সড়কটিতে চলাচল কঠিন হয়ে পড়েছে। বাবুগঞ্জ সংলগ্ন সদর উপজেলার কাশিপুরের ইউপি সদস্য প্রার্থী মো: ফুহাদ জানান, তিনি বরিশাল-লাকুটিয়া সড়কের কয়েক স্পটে নিজেস্ব অর্থায়নে সংস্কার করছেন। কিন্তু এখন যে অবস্থা তাতে চলাচল অনুপোযোগী হয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *