নাগরিক ডেস্ক : চট্টগ্রামে প্রথমবারের মতো এক নারীর দেহে ব্ল্যাক ফাঙ্গাস এর অস্তিত্ব শনাক্ত হয়েছে। ৫০বছর বয়সী ওই রোগী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গতকাল বুধবার রাতে বিষয়টি সমকালকে নিশ্চিত করেন চমেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এসএম হুমায়ূন কবির।
বিগ্রেডিয়ার জেনারেল এসএম হুমায়ূন কবির বলেন, ‘ওই নারীর শরীরে নানা উপসর্গ থাকায় প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। বুধবার রিপোর্টে তার শরীরে ব্ল্যাক ফাঙ্গাস এর অস্তিত্ব পেয়েছি আমরা। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’
হাসপাতালের কোন ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন জানতে চাইলে তিনি বলেন, ‘এটি আমি বলতে পারব না। কেননা ওই রোগী কোন ওয়ার্ডে আছেন সেটি বললে দেখা যাবে অনেকেই উনার সাক্ষাতকার নিতে ছুঁটে আসবেন। অনেকে অযথা হাসপাতালে ভিড় করবেন। এতে তাকে সামাজিকভাবে নানা সমস্যার সম্মুখীন হতে হবে। এসব বিষয়ের কারণে আমরা ওই রোগীর নামও বলতে চাইছি না। শুধু এতটুকু নিশ্চিত করছি তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার ব্যাপারে শিগগির মেডিকেল বোর্ড বসিয়ে ও সংশ্লিষ্টদের সাথে আলাপ করে চিকিৎসা সংক্রান্ত পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। চিকিৎসকদের পরামর্শের ভিত্তিতে প্রয়োজন হলে ওই রোগীকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হবে।’
জানা গেছে, ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হওয়া রোগীর বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায়। গত ৩ জুলাই ওই নারীর শরীরে করোনা শনাক্ত হয়। তবে ১৫ জুলাই তার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসলেও পরবর্তীতে নানা শারীরিক সমস্যা দেখা দেয়। যে কারণে চারদিন আগে তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।
