সমালোচিত চিত্র নায়িকা ও মাদক মামলায় রিমান্ডে থাকা পরিমনি, ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরসহ ৮ জনের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য তলব করেছে বাংলাদেশ ব্যাংক। চিঠি পাওয়ার তিন কর্মদিবসের মধ্যে এদের অ্যাকাউন্টের লেনদেনসহ যাবতীয় তথ্য পাঠাতে বলা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ ফািন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে পাঠানো চিঠি আজ বুধবার অনেক ব্যাংক পেয়েছে বলে জানা গেছে।
অ্যাকাউন্ট চাওয়ার তালিকায় আরও আছেন- গ্রেফতার হওয়া কথিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌ, প্রযোজক নজরুল ইসলাম। একই চিঠিতে আরও তিন জনের তথ্য চাওয়া হয়েছে। তারা হলেন- রোজিনা আক্তার। যার ঠিকানা উল্লেখ করা হয়েছে বরিশালের বানারীপাড়া। ঢাকার মোহাম্মদপুরের নেয়ামত উল্লাহর দুই ছেলে সালেহ চৌধুরি ওরফে কার্লোস ও মিশু হাসান।
চিঠিতে পরিমনির পুরো নাম শামসুন নাহার স্মৃতি উল্লেখ রয়েছে। ঠিকানা দেওয়া হয়েছে পিরোজপুরের মঠবাড়িয়া। জানা গেছে, একটি গোয়েন্দা সংস্থার অনুরোধে এসব ব্যক্তিদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চেয়েছে বিএফআইইউ। এক্ষেত্রে অ্যাকাউন্ট খোলার ফরম, শুরু থেকে লেনদেন বিবরণী, কোনো ধরনের সঞ্চয় বা ঋণ হিসাব থাকলে তার স্থিতিসহ যাবতীয় তথ্য পাঠাতে বলা হয়েছে। এসব তথ্য পর্যালোচনায় কোনো অসঙ্গতি পেলে আইন শৃংখলাবাহিনী পরবর্তী ব্যবস্থা নেবে। শিগগিরই আরও অনেকের তথ্য চাওয়া হবে বলে জানা গেছে।
