পর্যটকদের জন্য ৫ মাস পর উন্মুক্ত সুন্দরবন

Spread the love

নাগরিক ডেস্ক:
পাঁচ মাস পর ১ সেপ্টেম্বরে থেকে পর্যটকদের জন্য সুন্দরবন খুলে দেওয়া হলেও প্রস্তুত নন ট্যুর অপারেটররা। যে কারণে প্রথম দিনে সুন্দরবনে যাওয়ার জন্য এখনো কেউ অনুমতি নেননি।

করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত বছর ১৯ মার্চ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত প্রায় ৭ মাস সুন্দরবনে পর্যটক প্রবেশ বন্ধ ছিল। পরবর্তীতে খুলে দেওয়া হলেও ফের করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে চলতি বছরের ৩ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত ম্যানগ্রোভ বন সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে বন বিভাগ।

তবে ১ সেপ্টেম্বর থেকে পর্যটকের জন্য সুন্দরবন খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয়। তবে এই সিদ্ধান্ত ট্যুর অপারেটররা জানতে পেরেছেন ২৯ আগস্ট। এই স্বল্প সময়ের মধ্যে প্রস্তুতি নিতে না পারার কারণে প্রথম দিনে সুন্দরবনে যাওয়ার জন্য এখনো কেউ অনুমতি নেননি।

এ ব্যাপারে ট্যুর অপারেট অব বাংলাদেশ (টোয়াব) সুন্দরবন বিষয়ক কো চেয়ারম্যান এমডি মাজহারুল ইসলাম কচি বলেন, কখন সুন্দরবন উন্মুক্ত করা হবে তা নিয়ে আমরা দ্বিধা দ্বন্দ্বে ছিলাম। ভ্রমণ পিপাসুরা অগ্রিম যোগাযোগ করছে। বন বিভাগের সিদ্ধান্তের কারণে অনেকের বুকিং ফিরিয়ে দেওয়া হয়েছে। পর্যটকদের জন্য সুন্দরবন খুলে দেওয়ার সিদ্ধান্ত বন বিভাগ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ২৯ আগস্ট। এত স্বল্প সময়ে প্রস্তুতি নেওয়া সম্ভব নয়।

আর যে কারণে পর্যটকদের আগ্রহ থাকলেও এখনো পর্যন্ত কোন ট্যুর অপারেটর ১ সেপ্টেম্বর বনে যাওয়ার বিষয়ে আবেদন করেনি। তবে ৩ সেপ্টেম্বর থেকে ট্যুর অপারেটর পর্যটক নিয়ে সুন্দরবনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যে কর্মীদের করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

সংগঠনের সভাপতি এম নাজমুল আযম ডেভিড জানান, দীর্ঘদিন বন্ধ থাকায় অনেকে পর্যটকেরা যোগাযোগ বন্ধ করে দিয়েছে। বর্তমানে কোন পর্যটক নেই। যা আসছে তা নিয়ে বনের উদ্দেশ্যে গেলে চালান থাকবে না।

খুলনা আঞ্চলিক বন সংরক্ষক মিহির কুমার দো বলেন, সুন্দরবনের পর্যটন কেন্দ্র বন্ধ হয়েছিল পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয়ের নির্দেশনায়। মন্ত্রণালয়ের নির্দেশে আগামী ১ সেপ্টেম্বর থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে ধারণ ক্ষমতার ৫০ শতাংশ পর্যটকেরা বনে প্রবেশ করতে পারবেন। বনে যাতে স্বাস্থ্যবিধি মেনে সকলে প্রবেশ করেন সেই বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনা দেওয়া হয়েছে গতকাল ২৯ আগস্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *