নাগরিক রিপোর্ট:
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানা সংলগ্ন গজারিয়া নদীতে বৃহস্পতিবার গরু বোঝাই ট্রলারে হামলা করেছে দুর্বিত্তরা। এ ঘটনায় ৪জন আহত হয়েছে। আহতরা দাবী করেছেন, হামলার পর দুটি গরু ও টাকা নিয়ে গেছে। তবে কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানিয়েছেন, জালপাতা নিয়ে দুই পক্ষে মারামারি হয়েছে মাত্র।
জানা গেছে, বৃহস্পতিবার বরিশাল সদর উপজেলার চরমোনাই থেকে গরু বোঝাই ট্রলারি মেহেন্দিগঞ্জের উদ্দেশ্য ছেড়ে আসে। পথিমধ্যে জয়নগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড চরলতা এলাকায় গজারীয়া নদীতে রাত পৌনে ৮টার দিকে একদল দুর্বিত্ত ট্রলারে হামলা করে।
হামলায় আহত হয়েছেন- ট্রলার চালক শীপন বেপারী, জসিম হাওলাদার, আলমগীর বেপারী এবং মাসুদ খান। আহতদেরকে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা অভিযোগ করেছেন, ট্রলারে হামলা চালিয়ে ২টি গরু ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে হামলাকারীরা। তারা মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের বাসিন্দা।
