বরিশালে নারী ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশাল নগরীতে সালেহা বেগম (৬৬) নামে সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত এক নারী ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে নগরীর পশ্চিম কাউনিয়া হাওলাদার সড়কে মৃতের নিজ বাসভবন ‘শুভ্র নীড়’ থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি ব্যাংকের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল অফিসার ছিলেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার এনামুল হক।

জানা গেছে, মৃত সালেহা বেগম সোনালী ব্যাংকে ২৫ বছর চাকরি করার পর তার প্রতিবন্ধী ছেলেকে দেখাশোনা করার জন্য ২০০৫ সালে স্বেচ্ছায় অবসরগ্রহণ করেন। এর পর থেকে তিনি পশ্চিম কাউনিয়া হাওলাদার সড়কে বসবাস করতেন।

গত দুদিন আগে মেয়ে সূচী ঢাকায় যান। রোববার বাসায় ফোন দিয়ে তার মাকে না পেয়ে পার্শ্ববর্তী বাসিন্দা হেলেনাকে ফোন করে খোঁজ নিতে বলেন। সকালে পার্শ্ববর্তী আরেক বাসিন্দা ব্যাংকার হাকিমকে সঙ্গে নিয়ে ওই বাসায় যান হেলেনা। পরে দেয়াল টপকে বাড়ির মধ্যে ঢুকে জানালা দিয়ে তার লাশ পড়ে থাকতে দেখেন। পুলিশ ঘটনাস্থলে এসে বাসার দরজা ভেঙে ভেতরে মেঝেতে সালেহার লাশ পড়ে থাকতে দেখেন।

এব্যাপারে কাউনিয়া থানার ওসি মো. আজিমুল করিম জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এটি স্বাভাবিক মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *