নাগরিক রিপোর্ট ॥ নারী ও শিশুর প্রতি একের পর এক যৌন সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং দোষীদের বিচার ও নারীদের যথার্থ সম্মান প্রদানের দাবীতে বরিশালে ব্যতিক্রমী কর্মসূচী পালন করা হয়েছে। কর্মসূচীতে অংশগ্রহনকারীরা প্লাকার্ড ও ফেষ্টুন নিয়ে মানবববন্ধন ও র্যালী করেছে। রোববার আলোকিত যুব সমাজের ব্যানারে এ কর্মসূচীতে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা এতে অংশগ্রহন করেন। কর্মসূচীর শুরুতে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে একটি র্যালী অশ্বিনী কুমার হল থেকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। এসময় বক্তারা বেশ কিছু ঘটনার তথ্য তুলে ধরেন। যাতে দেখা যায়- ২০১৯ সালে প্রথম তিন মাসে ১৬৪ জন শিশু ধর্ষনের শিকার হয় দ্বিতীয় তিন মাসে তা বেড়ে দাড়িয়েছে ৩৩২ জনে। বিগত ৬ মাসে ৪৯৬ জন শিশু নির্যাতন ও ধর্ষনের শিকার হয়। যা একই সময়কালে গত বছর ছিল ৩৫১ জন। অপরদিকে আইন সালিশ কেন্দ্রের তথ্য মতে জানুয়ারী থেকে জুন পর্যন্ত বাংলাদেশে ৬৩০ জন নারী ধর্ষনের শিকার হয়। যার মধ্যে ৩৭ জন মৃত্যুবরন করেন। কর্মসূচী পালনকালে যুব সমাজ বিভিন্ন সংগঠন থেকে বক্তব্য রাখেন সোহানুর রহমান, শাকিলা ইসলাম, রেজানুল হক, প্রমূখ।
২০১৯-০৭-২১
