নাগরিক রিপোর্ট:
মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় অভিযানকালে কোস্ট গার্ডের ট্রলারে হামলা করেছে জেলেরা। এ ঘটনায় নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন পারভেজ নামের কোস্ট গার্ডের একজন সদস্য। মঙ্গলবার রাত ৩টায় বরিশালের হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নের চরকিল্লা বাজার সংলগ্ন মেঘনা নদীতে এই ঘটনা ঘটে। নিখোঁজ সদস্যকে উদ্ধারে কোস্ট গার্ডের ডুবুরিরা চেষ্টা চলাচ্ছে।
হিজলার নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা মঙ্গলবার সন্ধ্যায় ৬টায় এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, নিখোজ ব্যক্তি এখনও উদ্ধার হয়নি। তবে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
কোস্ট গার্ডের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, মঙ্গলবার রাতে হিজলা উপজেলাধীন মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় অভিযানে যায় কোস্ট গার্ডের একটি টিম। হিজলা-গৌরবদী’র চরকিল্লা এলাকায় একদল জেলে ইলিশ শিকার করছে এমন খবর পেয়ে গভীর রাতে সেখানে অভিযান পরিচালনা করে তারা। ঘটনাস্থলে পৌঁছানো মাত্রই জেলেরা কোস্ট গার্ডের ট্রলারে হামলা করে।
এসময় হামলার শিকার কোস্ট গার্ডের দুজন সদস্য মেঘনা নদীতে পড়ে যায়। এদের মধ্যে একজন উদ্ধার হলেও পারভেজ নামের অপর একজন সদস্য নদীতে নিখোঁজ হয়ে যায়। ঘটনার পর থেকেই তাকে উদ্ধারের চেষ্টা করছে কোস্ট গার্ডের ডুবুরিরা।
এ বিষয়ে কোস্ট গার্ডের হিজলা জোনের দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া গেছে। ঘটনাস্থলে যারা রয়েছে এ বিষয়ে তারা কেউ বক্তব্য দিতে রাজি হননি।
হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা বলেন, কোস্ট গার্ডের ওপর হামলা এবং একজন নিখোঁজের কবর শুনে ঘটনাস্থলে গিয়েছিলেন। সেখানে উদ্ধার অভিযান চলছে।
প্রসঙ্গত, এর আগে গত ১১ অক্টোবর হিজলা উপজেলার বাউশিয়া গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে কোস্ট গার্ডের ট্রলারে হামলা এবং ইটপাটকেল নিক্ষেপ করে জেলেরা। এ ঘটনার জের ধরে ওইদিনই কোস্ট গার্ড জেলেদের গ্রামে ঢুকে লাঠিচার্জ করে বলে অভিযোগ ওঠে।
