নাগরিক রিপোর্ট : বরিশাল নগরীর উন্নয়নে নেতাকর্মীদের একসঙ্গে কাজ করার আহবান জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিম এমপি। তিনি বলেন, ২০০৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত তৎকালীন বরিশাল সিটি মেয়র প্রয়াত শওকত হোসেন হিরণ নগরী ব্যাপক উন্নয়ন করছেন। এরপর নগরীতে আর কোনো উন্নয়ন হয়নি। শুক্রবার দুপুরে নগরীর ২৪ নম্বর ওয়ার্ড রূপাতলী এলাকায় কীর্তনখোলা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী স্পীডবোটযোগে রূপাতলী সংলগ্ন কীর্তনখোলা নদীরভাঙন পরিদর্শন করেন। সেখানে তিনি বলেন, কীর্তনখোলা নদীর ভাঙন প্রতিরোধে আরেকটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। নতুন করে আর রূপাতলী এলাকা ভাঙতে দেয়া হবে না। প্রতিমন্ত্রী বলেন, রক্ষনাবেক্ষনের অভাবে নগরীর মধ্য দিয়ে প্রবাহিত খালগুলো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এ খালগুলো দিয়ে পানির স্বাভাবিক প্রবাহ না থাকায় বেশী বৃষ্টি হলেই নগরীতে জলবদ্ধতার সৃষ্টি হয়। এ সমস্যা সমাধানের জন্য নগরীর ৭টি খাল পুন:খনন করার একটি প্রকল্প খুব শিগগিরিই জাতীয় অর্থনৈতিক পরিষদে অনুমোদিত হতে যাচ্ছে।
এ সময় ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শরীফ আনিছুর রহমান, মহানগর আওয়ামী লীগের সাবেক মীর আমীন উদ্দিন মোহন ও সাবেক সহ সভাপতি আলমগীর হোসেন আলো, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগন উপস্থিত ছিলেন।##
২০২১-১১-০৬
