‘খালেদা জিয়ার চিকিৎসার চেয়ে পদ দখলে ব্যস্ত বিএনপি’

Spread the love

নাগরিক রিপোর্ট:
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় যুগ্ন সাধারন সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম বিদেশ থেকে চিকিৎসক আনিয়ে বেগম খালেদা জিয়ার চিকিৎসা করানোর জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, বেগম জিয়া অসুস্থ। আমরা তার সুস্থ্যতা কামনা করি। কিন্ত তিনিতো দূর্ণীতির দায়ে সাজাপ্রাপ্ত আসামী। তাই বেগম জিয়াকে মুক্তি দেয়ার সুযোগ নেই। খালেদা জিয়ার সুচিকিৎসার চেষ্টা অপেক্ষা বিএনপি নেতারা কে কোন পদ দখল করবেন তা নিয়ে ব্যস্ত।

খালেদা জিয়ার কিছু একটা হয়ে গেলে বিএনপি নেতারা জানাজার নামে ঢাকা অচল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ওরা একবার বলে মানবিক কারনে বেগম জিয়াকে মুক্তি দেয়া হোক আবার কখনও বলে আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করবে। অসুস্থ খালেদা জিয়াকে নিয়ে বিএনপি নেতারা অপরাজনীতি শুরু করেছে।

পাবর্ত্য শান্তি চুক্তির ২৪ বছর পূর্তি উপলক্ষে বরিশাল জেলা ও মহানগর আওয়ামীলীগ বৃহস্পতিবার বিকালে নগরীর ফজলুল হক এভিনিউতে শান্তি সমাবেশ করেছে। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম। ১৯৯৭ সালে পাবর্ত্য শান্তি চুক্তির প্রনেতা ছিলেন বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি ও তৎকালীন জাতীয় সংসদের চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। এ উপলক্ষে প্রতিবছর ২ ডিসেম্বর বরিশাল জেলা ও মহানগর আওয়ামীলীগ শান্তি সমাবেশ ও বর্নাঢ্য শোভাযাত্রা বের করে।

বাহাউদ্দিন নাছিম অভিযোগ করেন, খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি নতুন ষড়যন্ত্র করছে। ওরা বিদেশী শক্তির সহায়তায় সাম্প্রদায়িক শক্তিকে সঙ্গে নিয়ে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায়। বাংলাদেশ আওয়ামীলীগ শেখ হাসিনার নেতৃত্বে বিএনপির সকল ষড়যন্ত্র প্রতিহত করবে।

বাহাউদ্দিন নাছিম বলেন, ২৪ বছর আগে যখন পার্বত্য শান্তি চুক্তি হয়েছিল তখন বিএনপি-জামায়াত জোট বলেছিল দেশের পার্বত্য অঞ্চল ভারতের হাতে চলে যাবে। ওরা সব সময় মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করে। বাংলাদেশের উন্নয়ন হোক, দেশের মানুষ শান্তিতে থাকুক বিএনপি তা কখনও চায়না। বিএনপি নির্বাচন ও গণতন্ত্রে বিশ্বাস করেনা। তাই বারবার নির্বাচন থেকে সরে যায়। ওরা জানে দূর্ণীতি আর লুটপাট।

সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর। অনুষ্ঠান উদ্বোধন করেন মহানগরের সাধারন সম্পাদক ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ,বক্তৃতা করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আনিছুর রহমান, গোলাম রাব্বানী চিনু, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, যুবলীগের কেন্দ্রীয় যুগ্ন সাধারন সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা ও ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়।

অ্যাডভোকেট আফজাল হোসেন বলেন, বিএনপি ও সাম্প্রদায়িক শক্তি দেশে অশান্তি সৃষ্টি করতে চায়। ধ্বংসাত্মক রাজনীতির কারনে বিএনপি এখন জনবিচ্ছিন্ন। জনবিচ্ছিন্ন হয়ে বিএনপি ষড়যন্ত্রে করে ক্ষমতায় যেতে চায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *