বরিশালে সড়কে শিক্ষার্থীরা, আল্টিমেটাম

Spread the love

নাগরিক রিপোর্ট:
নৌযান সহ সকল ধরণের গণপরিবহনে হাফ পাশ, সড়ক দূর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান এবং নিরাপদ সড়কের দাবিতে বরিশালে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। রোববার সকালে নগরীর সদর রোডে শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ সমাবেশ শুরু করে। এতে প্রায় এক ঘন্টা সড়কটিতে যান চলাচল বন্ধ ছিল। পরে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়ে সড়ক ছেড়ে দেয় শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা নৌযান সহ সকল ধরণের গণপরিবহনে হাফ পাস, সড়ক দূর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান এবং সড়কে নিরাপদে চলাচল নিশ্চিত করার দাবি তোলেন।

সমাবেশে বক্তারা বলেন, ধারাবাহিকভাবে সড়কে দূর্ঘটনার নামে কাঠামোগত হত্যাকান্ড ঘটানো হচ্ছে। কিন্তু এই সমস্যা সমাধানে কার্যকর কোন পদক্ষেপ দৃশ্যমান নয়৷ সারাদেশে সকল গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাশ কোন ভিক্ষা নয়, এটি অধিকার। এ অধিকার থেকে বরিশালের শিক্ষার্থীদের বঞ্চিত করা হচ্ছে।

বিক্ষোভকালে সড়কে যানজটের সৃষ্টি হলে পুলিশ শিক্ষার্থীদের রাস্তাটি ছেড়ে দেবার আহ্বান জানান। এসময় কয়েকজন বিক্ষোভকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের কথা কাটাকাটি হলে সড়কটি অবরোধ করে বিক্ষোভকারীরা।

আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি বিজন সিকদার বলেন, আমাদের অধিকার আদায়ে রাস্তায় নেমেছি। কিন্তু পুলিশ নানাভাবে এখানে প্রভাব বিস্তার করার চেষ্টা করছিল। জনগণের কথা বিবেচনা করে আমরা সড়ক থেকে সড়ে যাই। আগামী ৪৮ ঘন্টার মধ্যে আমাদের দাবিগুলো মানা না হলে কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামা হবে।

এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার শারমিন সুলতানা রাখী বলেন, বরিশালের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সড়ক হচ্ছে সদর রোড। এখানে যান চলাচল বিঘ্ন ঘটায় আন্দোলনকারীদের জনগণের কথা বিবেচনার অনুরোধ করি আমরা। তবু তারা দীর্ঘ সময় সড়কটি অবরোধ করে রাখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *