নাগরিক রিপোর্ট : বরিশালে ভিক্ষুক বেশে টাকা ছিনতাইকারী দুই নারীকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে তাদের শিকারে পড়েন সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর শরীফ তাসলিমা কালাম পলি। ব্যাংক থেকে টাকা তুলে বের হওয়ার পর তার ব্যাগ থেকে ৫০ হাজার টাকা নিয়ে গিয়েছিল দুই নারী রিনা ও আরজিনা। পরে তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
আটক দুই নারী বেদে সম্প্রদায়ের। নগরীর ব্যস্ততম এলাকা সদর রোড, হেমায়েত উদ্দিন রোড ও চকবাজারসহ আশপাশের সড়কগুলোতে প্রতিদিন বেদে সম্প্রদায়ের কিছু নারী ও শিশু পথচারী এবং ব্যবসা প্রতিষ্ঠানে ভিক্ষা করে। ভিক্ষার আড়ালে কৌশলে ৫০ হাজার টাকা নিয়ে দুই নারী রিনা ও আরজিনা। তারা নগরী সংলগ্ন বাবুগঞ্জ উপজেলার রামপট্রি বেদে পল্লীতে বাস করে বলে জানিয়েছে।
শরীফ তাসলিমা কালাম পলি জানান, তিনি বুধবার দুপুরে হেমায়েত রোডে একটি ব্যাংক থেকে টাকা তুলে ভ্যানিটি ব্যাগে রেখে রওনা হন। ব্যাংক থেকে বের হওয়ার পরই বেদে সম্প্রদায়ের দুই নারী কয়েকটি শিশু তার পিছু নেয়। বিষয়টি তার সন্দেহজনক মনে হলে তিনি পিছু নেয়ার কারন জানতে চান। এসময় দেখেন তার ভ্যানিটি ব্যাগের চেইন খোলা ও সেখানে রাখা ৫০ হাজার টাকা নেই। তাৎক্ষনিক দুই নারীকে তিনি ধরে ফেলেন। তাদের ওড়নায় পেচানো ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে রিনা ও আরজিনাকে পুলিশে সোপর্দ করা হয়।
কোতোয়ালী মডেল থানার আজিমুল করীম জানান, টাকা ছিনতাইয়ের অভিযোগে আটক দুই নারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সাবেক কাউন্সিলর শরীফ তাসলিমা কালাম পলি।##
২০২২-০১-২৬
