নাগরিক রিপোর্ট:
বরিশাল উত্তর জেলা মহিলা দলের সভাপতি শায়লা শারমিন মিম্মুকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস ও সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বহিস্কারের মুল কারন দল থেকে না বলা হলেও জানা গেছে, যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালীতে অংশ নেয়ায় তাকে বহিস্কার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শারমিন মিম্মুর বিরুদ্ধে সংগঠন বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার প্রমাণ রয়েছে। তাই জাতীয়তাবাদী মহিলা দলের বরিশাল উত্তর জেলা শাখার সভাপতি পদ থেকে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
তবে দলের একাধিক সুত্রে জানা গেছে, শারমিন মিম্মু গত বছরের ৩০ নভেম্বর মুলাদীর নাজিরপুরে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদক বিরোধী র্যালীতে অংশ নেন। এছাড়া তার বিরুদ্ধে স্থানীয় আ’লীগের সাথে আতাঁত করে ইউপি সদস্য হিসেবে অংশগ্রহনের অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, বিএনপির কেন্দ্রীয় এক নেত্রীর ছত্রছায়ায় মিম্মু এতোদিন নানা অপকর্ম করেও রেহাই পান।
এ প্রসঙ্গে উত্তর জেলা মহিলা দলের সভাপতি শায়লা শারমিন মিম্মুকে ফোনে এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে মতামত চাইলেও তাকে পাওয়া যায়নি।
