২ বছর পর বরিশাল সিটির ভোটে জাপার প্রার্থী তাপস

Spread the love

নাগরিক রিপোর্ট : বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) পঞ্চম নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৩ সালে। এ নির্বাচনকে সামনে রেখে আগাম প্রস্তুতি শুরু করেছে জাতীয় পার্টি। এ জন্য দলটির যুগ্ম মহাসচিব ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব প্রকৌশলী ইকবাল হোসেন তাপসকে বিসিসি’র আসন্ন নির্বাচনে মেয়র পদে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) এমপি তার রাজধানীর বনানীস্থ কার্যালয়ে অনারম্বর এক অনুষ্ঠানে ইকবাল হোসেন তাপসের হাতে প্রাথমিক মনোনয়ন পত্র তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া ও জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক শেরিফা কাদের এমপি।
ইকবাল হোসেন তাপস আসন্ন বিসিসি নির্বাচনে মেয়র পদে পার্টির প্রাথমিক মনোনয়ন পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেছেন, পার্টির চেয়ারম্যান বরিশালে জাতীয় পার্টিকে ঢেলে সাজিয়ে সাংগঠনিকভাবে শক্তিশালী করা এবং আগামী সিটি নির্বাচনে বিজয়ী হতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।
পার্টির চেয়ারম্যান জি এম কাদের স্বাক্ষরিত আগাম মনোনয়ন পত্রে বরিশাল সিটি করপোরেশন এলাকায় জাতীয় পার্টির সকল স্তরের কমিটি গঠন, পুনর্গঠন ও বাতিল করতে ইকবাল হোসেন তাপসকে ক্ষমতা দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার ইকবাল হোসেন তাপসকে বিসিসি নির্বাচনে প্রাথমিক মনোনয়ন দেওয়া হলেও আসন্ন বিসিসি ও বরিশাল-৫ (সদর) আসনে দলীয় প্রার্থী দিতে জাতীয় পার্টি প্রস্তুতি শুরু করেছে আরো আগে। গত ১৭ই জানুয়ারি জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চন্নু এমপি রাজধানীতে পার্টির কার্যালয়ে বরিশালের জাপা নেতাদের নিয়ে মতবিনিময় সভা করেছেন। সভায় আগামী সিটি নির্বাচনে জাপার মেয়র প্রার্থী এবং বরিশাল সদর আসনে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে আলোচনা হয়। ওই সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুর সবুর, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহাজাদা ও অতিরিক্ত মহাসচিব (বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত) মেজর (অবঃ) রানা মোঃ সোহেল এমপি। সভা সূত্র জানায়, ওই দিনের আলোচনায়ও আসন্ন বিসিসি নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে ইকবাল হোসেন তাপসের নাম আলোচিত হয়।
এদিকে ইকবাল হোসেন তাপসকে আসন্ন বিসিসি নির্বাচনে মেয়র পদে প্রাথমিক মনোনয়ন দেওয়ায় পার্টির চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বরিশাল জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল বলেন, ইকবাল হোসেন তাপস একজন সৃজনশীল সংগঠক। তিনি বরিশাল জাতীয় পার্টিকে উজ্জীবিত এবং সুসংগঠিত করেছেন। বরিশাল নগরের বর্তমান প্রেক্ষাপটে ইকবাল হোসেন তাপসের নেতৃত্ব প্রয়োজন। মহানগর জাতীয় পার্টির সভাপতি মরতুজা আবেদীন বলেন, দলীয় নেতাকর্মীদের সিটি নির্বাচনের জন্য আগাম প্রস্তুতি নিতে মেয়র পদে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা সবাই এখন থেকে ইকবাল হোসেন তাপসকে বিজয়ী করতে মাঠে নামবো।
মেয়র পদে পার্টির প্রাথমিক মনোনয়ন পেয়ে মঙ্গলবার বিকেলে ইকবাল হোসেন তাপস বলেন, সর্বশেষ বিসিসি নির্বাচনে (২০১৮) শেষ মুহূর্তে দল থেকে আমাকে বহিস্কার করা হলেও আমি নির্বাচনী মাঠ ছাড়িনি। পরবর্তীতে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করেতে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছি। তাপস বলেন, বিসিসি’র বর্তমান মেয়র নিজেই স্বীকার করেন তিনি কোন উন্নয়ন বরাদ্দ পাচ্ছেন না। ফলে বরিশাল নগরীর কাঙ্খিত উন্নয়ন হচ্ছে না। নগরবাসী ভাঙ্গা সড়ক, পানি সংকটসহ নানা দূর্ভোগে আছেন। আগামী নির্বাচনে নগরবাসীর রায় পেলে শুধু মন্ত্রণালয়ের বরাদ্দের ওপর নির্ভরশীল না হয়ে বিভিন্ন দাতা সংস্থার সঙ্গে সখ্যতা করে বরাদ্দ এনে বরিশাল নগরীতে পরিকল্পিত উন্নয়ন করার প্রত্যাশা ব্যক্ত করেছেন ইকবাল হোসেন তাপস।
২০১৮ সালের ৩০ জুলাই অনুষ্ঠিত হয় বিসিসি’র চতুর্থ নির্বাচন। ওই নির্বাচনে লাঙ্গল প্রতিক নিয়ে জাতীয় পার্টির মেয়র প্রার্থী ছিলেন প্রকৌশলী ইকবাল হোসেন তাপস। নির্বাচনের দু’দিন আগে পার্টির তৎকালীন চেয়ারম্যান হুসেইন মোঃ এরশাদ দলীয় সিদ্ধান্তের বাইরে মেয়র প্রার্থী হওয়ায় ইকবাল হোসেন তাপসকে দল থেকে বহিস্কার করেছিলেন। তবে কিছুদিন পরে ইকবাল হোসেন তাপসকে আবার দলে ফিরিয়ে নেওয়া হয়। তিনি (তাপস) এখন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বরিশাল জেলা জাতীয় পার্টির সদস্য সচিব। ##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *