সাকিব দলের সঙ্গেই থাকছেন

Spread the love

নাগরিক ডেস্ক:
পরিবারের কয়েকজন অসুস্থ। হাসপাতালে ভর্তি তারা। সাকিব আল হাসান দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরে আসবেন কি না, এমন কথা উঠেছিল। একবার ঠিক হয়েছিল আজ রাতেই তিনি দেশে ফেরার বিমানে উঠবেন। পরে সাকিব নিজেই সিদ্ধান্ত নেন, আপাতত দলের সঙ্গেই থেকে যাবেন।

দুঃসংবাদটা তিনি পেয়েছেন দক্ষিণ আফ্রিকা পৌঁছেই। আগে থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন তাঁর মা। এরপর জানতে পারেন, তাঁর সন্তানেরাও অসুস্থ। এ অবস্থায় সফরের বাকি অংশে তাঁর খেলাটা স্বাভাবিকভাবেই অনিশ্চয়তায় পড়ে গিয়েছিল। তবে আপাতত দক্ষিণ আফ্রিকা থেকে খবর, দলের সঙ্গেই থেকে যাচ্ছেন সাকিব।

সাকিব দেশে ফিরে যাবেন, এ আলোচনাটা ওঠে গত রাতেই। যেহেতু মা ও সন্তানেরা অসুস্থ, তাই মানসিকভাবে বিপর্যন্ত অলরাউন্ডারকে আগামী ২৩ মার্চ হতে যাওয়া শেষ ওয়ানডে খেলেই দেশে ফেরত পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু সে দিন দেশে ফেরার বিমানের টিকিট পাওয়া যায়নি। পাওয়া যায় আজ সোমবারের টিকিট। সিদ্ধান্ত হয়, আজই তাঁকে দেশে ফেরত পাঠানো হবে। কিন্তু সাকিব শেষ ওয়ানডেটা খেলতে চান। তাই তিনি আপাতত দলের সঙ্গেই থাকছেন।

বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদও সেটিই বলেছেন, ‘সাকিবের একটা মেডিকেল ইমারজেন্সি আছে। ওর পরিবারে অনেকেই অসুস্থ। সে কারণেই ওর মনে একটা দ্বিধা তো আছেই। ঢাকাতেও পরিবারের সঙ্গে আসা–যাওয়া নিয়ে কথা বলছে। টিকিট বুক করতে হচ্ছে ওর জন্য। আজ রাতে সে চলে যাবে এমন একটা কথা ছিল। কিন্তু সাকিব নিজেই রাজি নয় যেতে, সে খেলেই যাবে। আমি এটিই বলতে পারি, ওর যাওয়ার কথা ছিল ঠিকই, কিন্তু সে এখন শেষ ওয়ানডেটি খেলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *