নাগরিক রিপোর্ট : জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, দেশে নিরব দুর্ভিক্ষ দেখা দিয়েছে। মানুষ আজ না খেয়ে চাপা হাহাকার করছে। অন্যদিকে সরকারের তাবেদার লুটেরা বাহিনী দেশের লূটের টাকায় বিদেশ থেকে লোক ভাড়া করে এনে নৃত্য অনুষ্ঠানের আয়োজন করছেন।
মঙ্গলবার সকালে বরিশাল নগরীর একটি রেস্তোরায় মহানগর মহিলা দলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন আফরোজা আব্বাস। বিকালে তিনি জেলা (দক্ষিণ) মহিলা দলের কর্মীসভায় বক্তৃতা করেন। দুটি কর্মীসভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের সাধারন সম্পাদক সুলতানা আহমেদ।
আফরোজা আব্বাস বলেন, নিশীরাতের সরকার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য প্রশাসন ও জনগণকে মুখোমুখি দাড় করিয়েছে। প্রশাসনকে বাদ দিয়ে জনগণের সামনে আসুন, তাহলে জনগণনই দেখিয়ে দেবে তারা বিএনপির সঙ্গে আছে কি-না। তিনি বলেন, গনমাধ্যমের স্বাধীনতা নেই। তাই শেখ হাসিনার দুবাই কাহিনী প্রকাশ হচ্ছেনা।
মহানগরের কর্মীসভায় আরও বক্তৃতা করেন, মহিলা দলের কেন্দ্রীয় নেত্রী অ্যাডভোকেট জেসমিন জাহান, আসমা আজিজ, বরিশাল সিটি করপোরেশনের কাউন্সিলর জাহানারা বেগম ও সেলিনা বেগম, মহিলা দল নেত্রী তাছলিমা কালাম পলি, পাপিয়া আজাদ, কানন বেগম, জেবুন্নেছা সিকদার, হাজেরা বেগম, ফারিয়া বেগম, পারভীন বেগম প্রমুখ।
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, বরিশাল মহানগর আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদ, হাবিবুর রহমান টিপু, মাকসুদুর রহমান মাকসুদ, আ.ন.ম সাইফুল আহসান আজিমসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতারা কর্মীসভায় উপস্থিত ছিলেন।##
২০২২-০৩-২২
