নাগরিক রিপোর্ট : আওয়ামীলীগে বিভক্তির রাজনীতিতে উত্তপ্ত মেহেন্দিগঞ্জ উপজেলায় সংসদ সদস্য (এমপি) পংকজ দেবনাথের অনুসারীরা শনিবার উপজেলা সদরে বিক্ষোভ করেছেন। দলের অপর পক্ষের (এমপি বিরোধী) নেতাকর্মীদের সন্ত্রাসী আখ্যায়িত করে তাদের শাস্তির দাবীতে শ্লোগান দেন এমপি অনুসারীরা।
অপরদিকে এমপি অনুসারীদের বিক্ষোভ চলকালে উলানিয়া করোনেশন মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে কর্মীসভা করেন এমপি বিরোধীরা। উত্তর ও দক্ষিণ উলানিয়ায় ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি গঠনের জন্য এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মেহেন্দিগঞ্জের সন্তান আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মি আহমেদ। এমপি পংকজ নাথ অনুসারী নেতাকর্মীরা ওই কর্মীসভায় অংশগ্রহন না করে একই সময়ে দক্ষিন উলানিয়ার হাজিরহাটে বিক্ষোভ করেন।
দড়িচর-খাজুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সালাম দেওয়ান একমাস আগে তার ওপর হামলার অভিযোগ এনে গত সোমবার এমপি বিরোধী ১১ নেতাকর্মীকে আসামী করে মামলা দায়ের করেন। এরপর থেকে আওয়ামীলীগের দুইপক্ষের মধ্যে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।
মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে শনিবার সকালে উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলুর নেতৃত্বে এমপি অনুসারীদের একটি বিক্ষোভ মিছিল উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তেমুহনি চত্বরে সমাবেশ করেছে।
সমাবেশে বক্তারা এমপি বিরোধী নেতাকর্মীদের ইঙ্গিত করে বলেন, যারা শেখ হাসিনার সরকারকে মানতে পারছেন না তারা পংকজ নাথকেও মেনে নিতে পারছেন না। তাই পংকজনাথের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্রকারীরা খন্দকার মোশতাকের অনুসারী।
উল্লেখ্য, গত সোমবার এমপি অনুসারীরা বিক্ষোভ করার পর মেহেন্দিগঞ্জ থানা পুলিশ একমাস আগে দেয়া অভিযোগটি এজাহার হিসাবে গ্রহন করে। এর প্রতিবাদে গত বুধবার উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র কামাল উদ্দিন খানের নেতৃত্বে এমপি বিরোধীরা উপজেলা পরিষদে বিক্ষোভ করেন।
এদিকে এমপি বিরোধী বলয়ের নেতা উত্তর উলানিয়া ইউনিয়ন চেয়ারম্যান নুরুল ইসলাম জামাল মোল্লা জানান, উলানিয়া ইউনিয়ন বিভক্ত করে উত্তর ও দক্ষিণ উলানিয়া গঠন হলেও আওয়ামীলীগের আগের কমিটিই রয়ে গেছে। দুই ইউনিয়নে পৃথক কমিটি গঠনের জন্য শনিবার উলানিয়া করোনেশন মাধ্যমিক বিদ্যালয় কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মি আহমেদ। জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক অ্যাডভোকেট মুনসুর আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পৌর মেয়র কামাল উদ্দিন খান ও হিজলা উপজেলার সাবেক চেয়ারম্যান টিপু সিকদার এতে উপস্থিতি ছিলেন। জামাল মোল্লা বলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হিসাবে তিনি কর্মীসভায় সভাপতিত্ব করেন।
ওই কর্মীসভা সম্পর্কে এমপি পংকজনাথ অনুসারী নেতা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু বলেন, ড. শাম্মি আহমেদ কেন্দ্রে রাজনীতি করলেও মেহেন্দিগঞ্জের সঙ্গে কখনও সম্পর্ক রাখেননি। তিনি যাদের সঙ্গে নিয়ে এখন মেহেন্দিগঞ্জে রাজনীতি শুরু করেছেন তাতে এখানকার আওয়ামীলীগ ধ্বংস হয়ে যাবে। খোরশেদ আলম বলেন, শনিবারের কর্মীসভায় এমপি পংকজ নাথের সমর্থক কাউকে আমন্ত্রন জানানো হয়নি। অগঠনতান্ত্রিক কর্মীসভার প্রতিবাদ জানিয়ে অবিভক্ত উলানিয়া ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক হাবিবুর রহমানের লিটনের নেতৃত্বে তার সমর্থকরা হাজিরহাট বাজারে বিক্ষোভ করেছেন।##
২০২২-০৪-১৬
