নাগরিক রিপোর্ট : বরিশালে ব্যাটারিচালিত ইজিবাইক এবং রিক্সা-ভ্যানের লাইসেন্স প্রদানের নামে চাঁদাবাজীর অভিযোগ উঠেছে। ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ নামক একটি সংগঠন বুধবার সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে বলেছেন, জেলা ও মাহনগর ইজিবাইক ও অটোরিক্সা শ্রমিক কল্যান সংগঠন এ চাঁদাবাজীতে নেমেছে। তাদের মাধ্যমে লাইসেন্স করার জন্য কয়েকদিন আগে নগরে মাইকিং করেছে ওই সংগঠনটি। কিছু চালকের কাছ থেকে টাকাও নিয়েছে।
নগরে মাইকিং করার কথা স্বীকার করে জেলা ও মহানগর ইজিবাইক ও অটোরিক্সা শ্রমিক কল্যান সংগঠনের কোষাধ্যক্ষ জামাল গাজী বলেন, সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর তাদেরকে এ দায়িত্ব দিয়েছেন। লাইসেন্স প্রদানে তারা সিটি করপোরেশনে সহযোগীতা করবেন। ইজিবাইক ও অটোরিক্সা চালকদের আরও অনেক সংগঠন থাকতে মেয়র তাদের কেন দায়িত্ব দিলো জানতে চাইলে জামাল গাজী বলেন, তাদের সংগঠন ২০১৩ সাল থেকে ইজিবাইক চালকদের কল্যানে কাজ করছে। একপর্যায়ে জামাল গাজী স্বীকার করেন, তারা সিটি মেয়রের নিয়ন্ত্রিত সংগঠন।
বুধবার দুপুরে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলনে ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ নেতৃবৃন্দ অভিযোগ করেন, গত এপ্রিলে উচ্চাদালতের পৃথক দুটি রায়ে ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান ও ইজিবাইক যানবহনের লাইসেন্স প্রদানের নির্দেশ দেয়া হয়েছে। এটি সংগ্রাম কমিটির আন্দোলনের ফসল। এটাকে পুজি করে এপ্রিলের শেষ সপ্তাহে জেলা ও মহানগর ইজিবাইক ও অটোরিক্সা শ্রমিক কল্যান সংগঠন’র পক্ষ থেকে লাইসেন্স করে দেয়ার কথা বলে নগরে মাইকিং করা হয়।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ক্ষমতাসীন দলের কিছু প্রভাবশালী নেতা এ সংগঠনটি পরিচালনা করেন। তাদের বিরুদ্ধে ব্যাটারিচালিত যানের বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগ দীর্ঘদিনের। ২০২০ সালে জোর করে চাঁদা তোলার অভিযোগে জেলা ও মাহনগর ইজিবাইক ও অটোরিক্সা শ্রমিক কল্যান সংগঠন সভাপতি ও সাধারন সম্পাদকের বিরুদ্ধে চাঁদাবাজীর মামলা করেছিলেন ট্রাফিক পুলিশের তৎকালীন উপ কমিশনার। আরও কয়েকটি চাঁদাবাজীর মামলা রয়েছে এ সংগঠনের নেতৃবন্দের বিরুদ্ধে। তারা লাইসেন্স প্রদানের নামে নতুন করে চাঁদাবাজীতে নেমেছেন।
এ বিষয়ে বরিশাল সিটি কররেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার রোহান বলেন, আগামী ১৫ মে নগরের বঙ্গবন্ধু উদ্যানে জেলা ও মহানগর ইজিবাইক ও অটোরিক্সা শ্রমিক কল্যান সংগঠন’র এক সমাবেশে লাইসেন্স প্রদানের ঘোষণা দেয়া হবে। ওই সমাবেশে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ থাকবেন কি-না তা এখনও নিশ্চিত হয়নি। সংগঠনটির পক্ষ থেকে তাদের মাধ্যমে লাইসেন্স করার বিষয়ে মাইকিং করার বিষয়টি জানা নেই বলে দাবী করেন প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার।
ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ প্রধান উপদেষ্টা বাসদ নেত্রী ডা. মনীষা চক্রবর্তীসহ অন্যান্য নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
২০২২-০৫-১১
