‘চাপ দিয়ে কোনো শক্তিশালী দেশ কিছু করাতে পারবে না’

Spread the love

নাগরিক ডেস্ক:
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘বাংলাদেশ একটি স্বাধীন-সার্বভৌম দেশ। এখানে বাইরের কোনো শক্তিশালী দেশ চাপ দিয়ে কোনো কিছু করাতে পারবে না। জননেত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। এটা জিয়াউর রহমান, এরশাদ ও খালেদা জিয়ার দেশ না। বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে শিখেছে।’

শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জয়নগর লিয়াকত আলী উচ্চবিদ্যালয় মাঠে গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মার্কিন প্রতিনিধিদলের বাংলাদেশ সফরের বিষয়ে মন্ত্রী বলেন, ‘মার্কিন প্রতিনিধিদল আমার সঙ্গে দেখা করেছে। তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় এবং এখানে নির্বাচনে যাতে সহিংসতা না হয় সেটাই তাদের কাম্য।’

অ্যাডভোকেট আনিসুল হক বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর দল আওয়ামী লীগ একটা অবাধ, সুষ্ঠু নির্বাচন উপহার দিতে জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ। বাংলাদেশে সেই আইনি ব্যবস্থা ও অবকাঠামো আছে। আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। এ ছাড়া অন্যান্য ব্যাপারে যেসব বিষয়ে আলাপ হয়েছে, এর মধ্যে ডিএসএ (ডিজিটাল নিরাপত্তা আাইন) নিয়ে আলাপ হয়েছে—সেটাও সংশোধনের ব্যবস্থা হবে।’

র‍্যাবের স্যাংশন বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘তাঁরাও বলেছেন, র‍্যাব অনেক ভালো কাজ করেছে। তবে যেহেতু এটা একটা আইনি প্রক্রিয়া, তাঁরা এটা দেখবেন এবং র‍্যাবের বিষয়ে বিবেচনা করবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *