নেটফ্লিক্সের শো-তে সালমান খানের খোলামেলা স্বীকারোক্তি: জানালেন নিজের ও বাবার ডায়েট প্ল্যান

Spread the love

অনলাইন ডেস্ক ::: নেটফ্লিক্সের ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’র নতুন মৌসুমের প্রথম পর্বেই হাজির হয়ে আলোচনায় এলেন বলিউড সুপারস্টার সালমান খান। অনুষ্ঠানে একান্ত আলাপচারিতায় তিনি শেয়ার করেছেন নিজের দৈনন্দিন ডায়েট, বাবার স্বাস্থ্যাভ্যাস ও বলিউডে ফিটনেস সংস্কৃতিতে নিজের অবদান সম্পর্কে।

শো চলাকালে নভজোৎ সিং সিধুর সঙ্গে কথোপকথনে সালমান বলেন, “আমার বাবা, মাশাআল্লাহ, আজও প্রতিদিন সকালে হাঁটতে যান। তিনি বলেন, ‘আমার ক্ষুধা আগের মতো নেই।’ কিন্তু খাওয়ার কথা শুনলে অবাক হতে হয়—২–৩টা পরোটা, ভাত, মাংস, তারপর মিষ্টি—দিনে দুবার! তাঁর একেবারেই আলাদা ধরনের মেটাবলিজম।”

সালমানের বাবা সেলিম খানের বয়স এখন ৮৯। এই বয়সেও তিনি শরীরচর্চার অভ্যাস ধরে রেখেছেন বলে গর্বের সঙ্গে জানান ছেলে। সালমান বলেন, “আমরা খুব গর্বিত যে আমাদের এমন একজন বাবা আছেন, যিনি আজও নিজের শরীরের জন্য লড়াই করে যাচ্ছেন।”

নিজের ডায়েট প্রসঙ্গে সালমান জানান, “আমি যা-ই খাই না কেন, পরিমাণে খুব কম খাই। এক চামচ বা দেড় চামচ ভাত, সঙ্গে সবজি ও প্রোটিন—চিকেন, খাসি অথবা মাছ।”

বলিউডে ফিটনেস সংস্কৃতির প্রসারে নিজের ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, “আমি প্রথম দিককার সেই অভিনেতাদের একজন, যাঁরা জিম কালচারকে জনপ্রিয় করেছেন। আজ যখন দেখি ধর্মেন্দ্রজির মতো কিংবদন্তিরাও নিয়ম মেনে শরীরচর্চা করেন, তখন খুব ভালো লাগে।”

সালমানের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘সিকান্দার’ বক্স অফিসে তেমন সফলতা না পেলেও বর্তমানে তিনি অপূর্ব লাখিয়ার পরবর্তী ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন। পাশাপাশি ‘বজরঙ্গি ভাইজান ২’ নিয়েও পরিচালকের সঙ্গে আলোচনা চলছে বলে জানা গেছে।