শতাধিক ভরি স্বর্ণ-রূপা লুট: পুলিশকে বেধে স্বর্ণের দোকানে গণডাকাতি

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী বন্দরে বুধবার দিবাগত মধ্যরাতে স্বর্ণলংকারের দোকানে গণডাকাতি হয়েছে। ডাকাতরা বন্দরের ৬টি স্বর্ণলংকারের দোকান থেকে কমপক্ষে ৬০ ভরি স্বর্ণ, শতাধিক ভরি রূপা এবং কয়েকলাখ টাকা লুট করে নিয়ে গেছে। ডাকাতদের প্রতিরোধ করতে গিয়ে হামলায় আহত হয়েছেন বাকেরগঞ্জ থানার সহকারী উপ পরিদর্শক মো. জসিম। তাকে আশংকাজনক অবস্থায় প্রথমে বরিশাল শেবচিম হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। জানা গেছে, পুলিশের একটি টহল টিমের সদস্যদের বেধে স্বর্নের দোকানে গন ডাকাতি করে।
বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম জানান, বুধবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে ২/৩টি স্পীডবোটে একদল দৃর্বৃত্ত কলসকাঠী বাজারে পৌছে। তারা বাজারের নৈশ প্রহরীদের কাছে নিজেদের গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দেয়। একপর্যায়ে নৈশ প্রহরীদের জিম্মি করে হাত-পা বেঁধে সেবা ফার্মেসী নামক একটি ওষুধের দোকানে আটকে রাখে দুর্বৃত্তরা।
কলসকাঠী বাজার ডাকাতের কবলে পড়েছে- এ খবর পেয়ে কাছাকাছি অবস্থানে টহলে থাকা একদল পুলিশ প্রতিরোধের চেষ্টায় বাজারে উপস্থিত হয়। দৃবৃৃর্ত্তরা পুলিশ দলের প্রধান সহকারী উপপরিদর্শক জসিমের মাথায় পেছন থেকে রড দিয়ে আঘাত করে তাকেসহ অন্য পুলিশ সদস্যদের বেঁধে সেবা ফার্মেসীতে আটকে রাখে।
বাজারের ব্যবসায়ীরা জানান, এরপরে ডাকাতরা নির্বিগ্নে লক্ষী জুয়েলার্স, কলসকাঠী অলংকার ভবন, কানাই কর্মকারের স্বর্ণের দোকান, পাল অলংকার ভবন, সোনারগহণা ভবনসহ ৬টি স্বর্ণের দোকানে লুটতরাজ চালায়। ওসি আবুল কালাম জানান, ডাকাতদলের সদস্যদের গ্রেফতারে পুলিশ অভিযান চলছে। কলসকাঠী বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম অবস্থান করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *