বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাশ বরিশালে তিন দিনের সফরের গতকাল শনিবার দ্বিতীয় দিন নগরীর ঐহিত্যবাহী অক্সফোর্ড মিশন গীর্জা এবং কবি জীবনানন্দ দাশ স্মৃতি পাঠাগার পরিদর্শন করেন। সকাল সোয়া ১০টায় নগরীর অক্সফোর্ড মিশন রোডের অক্সফোর্ড মিশন গীর্জা পরির্দশন করে গীর্জার ফাদার এবং সিস্টারদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। পরে তিনি নগরীর বগুরা সড়কে কবি জীবননান্দ দাশের পৈত্রিক ভিটার পাশে স্থাপিত জীবনানন্দ দাশ স্মৃতি মিলনায়তন ও পাঠাগার পরিদর্শনে যান। সেখানে বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান মো. মইদুল ইসলাম তাকে স্বাগত জানান। হাইকমিশনার এ সময় পাঠাগার ঘুরে দেখেন। তবে সাংবাদিকদের সাথে কোন কথা বলেননি তিনি।
বিকালে নগরীর অশ্বিনী কুমার হলে বরিশাল চারুকলা আয়োজিত ঢাকাস্থ বরিশাল বিভাগের চারুশিল্পীদের এক চিত্র প্রদর্শনী দেখতে যান ভারতীয় হাইকমিশনার। রাত ৮টায় হোটেল গ্রান্ড পার্কে বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর দেওয়া নাগরিক সংবর্ধনা ও নৈশভোজে অংশগ্রহন করেন রিভা গাঙ্গুলী দাশ।
আজ রোববার সফরের তৃতীয় দিন সকাল ৯টায় ঝালকাঠীর ভিমরুলীর ভাসমান পেয়ারা বাজার এবং দুপুর ১টায় পটুয়াখালীর পায়রা সমূদ্র বন্দর পরিদর্শন করবেন ভারতীয় হাইকমিশনার। ওইদিনই সন্ধ্যা ৭টায় বরিশাল সিটি মেয়রের বাসভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে ভারতীয় হাইকমিশনারের লঞ্চযোগে ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, ভারতীয় হাইকমিশনার রিভা দাস শুক্রবার বিকালে আকাশপথে বরিশাল সফরে আসেন।##
২০১৯-১০-১২
