নাগরিক রিপোর্ট ॥ বরিশালের একটি মোটরযান গ্যারেজের বিদ্যুতের লাইন কেটে মিটার নিয়ে যাওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার নগরীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং স্মারকলিপি দিয়েছেন বরিশাল জেলা মোটরযান মেকানিক ইউনিয়ন নেতৃবৃন্দ। মেকানিক ইউনিয়নের নেতারা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বরিশালের বিদ্যুৎ বিভাগের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মাসুদুর রহমানের অপসারন দাবী করেছেন। এ দাবীতে বৃহস্পতিবার থেকে বরিশাল নগরীর তিন শতাধিক মোটরযান গ্যারেজ ও ওয়ার্কশপে ৩ দিনের কর্মবিরতী শুরু হয়েছে।
বরিশাল জেলা মোটরযান মেকানিক ইউনিয়নের সাধারন সম্পাদক কামাল চৌধুরী অভিযোগ করেন, বিদ্যুৎ বিভাগের ম্যাজিষ্ট্রেট মাসুদুর রহমানের গাড়ি বুধবার দুপুরে পটুয়াখালী শহর থেকে ৪ কিলোমিটার দক্ষিণে বিকল হয়। তখন মাসুদুর রহমানের গাড়ি চালক সোহেল মেকানিক ইউনিয়নের সভাপতি নির্মল চন্দ্র রায়ের ওয়ার্কশপে ফোন করে ঘটনাস্থলে মিস্ত্রী পাঠাতে বলেন। কিন্ত পূজার ছুটি শেষে মিস্ত্রীরা সবাই না আসায় এবং বরিশাল থেকে ঘটনাস্থল প্রায় ৫০ কিলোমিটার দুরে হওয়ায় নির্মল রায় সেখানে মিস্ত্রী পাঠাতে পারেননি। এর পর পরই বরিশাল বিদ্যুৎ বিভাগের একজন সহকারী প্রকৌশলীর নেতৃত্বে নগরীর রূপাতলীস্থ নির্মল রায়ের গ্যারেজে গিয়ে বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে তারসহ দুটি মিটার নিয়ে যায়।
সভাপতি নির্মল চন্দ্র রায় বলেন, বরিশাল বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী জুয়েল রানার নেতৃত্বে তার গ্যারেজের সংযোগ বিচ্ছিন্ন করে মিটার নিয়ে যাওয়া হয়। নির্মল রায়ের অভিযোগ, তার গ্যারেজে বহু বছর ধরে বিদ্যুৎ বিভাগের গাড়ি মেরামতের কাজ চলে। কিন্ত এতদিন কেউ দেখলেন না, বিদু্যুৎ চুরির বিষয়টি। ম্যাজিষ্ট্রেটের গাড়ি সারাতে মিস্ত্রী পাঠানো হয়নি বলেই ক্ষমতার অপব্যবহার করে তার গ্যারেজের বিদ্যুতের লাইন কেটে দেয়া হয়েছে।
তবে বরিশাল বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেন দাবী করেছেন, নির্মলের গ্যারেজে মিটার বাইপাস করে বিদ্যুৎ চুরি করায় বুধবার তারসহ মিটার খুলে আনা হয়েছে।
এদিকে নির্মল রায়ের গ্যারেজের বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন ও মিটার খুলে নিয়ে যাওয়ার প্রতিবাদে এবং বিদ্যুৎ বিভাগের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মাসুদুর রহমানের অপসারন দাবীতে বৃহস্পতিবার সকালে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন ও পরে বিক্ষোভ মিছিল করে সিটি মেয়র, মেট্রোপলিটন পুলিশ কমিশণার ও জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেছে বরিশাল জেলা মোটরযান মেকানিক ইউনিয়ন। স্মারকলিপিতে নির্মল রায়ের বিদ্যুৎ লাইন পুনঃস্থাপন এবং জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের অপসারন দাবী করা হয়েছে।
২০১৯-১০-১৭
