নাগরিক রিপোর্ট : বরিশাল নগরীতে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে টেম্পুযাত্রী মা ও ছেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪ জন। শনিবার বেলা ১টায় নগরীর সাগরদী সেতু সংলগ্ন কুয়েত প্লাজার সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মা দেলোয়ারা বেগম (৬০) ও ছেলে শিপন (৩৫)। তাদের বাড়ি ঝালকাঠীর নলছিটি উপজেলার শ্রীরামকাঠী গ্রামে। বরিশাল কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মো. নুরুল ইসলাম দূর্ঘটনায় দুজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
দূর্ঘটনায় আহত টেম্পুযাত্রী আনিস (৪২), স্বপন (৫০). শিপন (৪৫) ও মোর্শেদা বেগমকে (৩০) বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেমাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, রূপাতলী বাস টার্মিনাল থেকে ছেড়ে আসা যাত্রীবাহি টেম্পুটি নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা অ্যাংকর সিমেন্ট কোম্পানীর একটি ট্রাকের সঙ্গে টেম্পুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টেম্পুটি দুমরে-মুচরে যায়। দেলোয়ার বেগম ঘটনাস্থলেই নিহত হন। হাসপাতালে নেয়ার পথে শিপনের মৃত্যু ঘটে।
উল্লেখ্য গত মঙ্গলবার নগরীর সিঅ্যান্ডবি সড়কে বিআরটিসি বাসের সঙ্গে যাত্রীবাহি টেম্পুর সংঘর্ষে নিহত হয়েছিল দুজন টেম্পুযাত্রী।##
২০১৯-১০-১৯
