নাগরিক রিপোর্ট ॥ মাদক ব্যবসার দায়ে বরিশালে পুলিশের উপ-পরিদর্শক (বর্তমানে বরখাস্ত) চিম্ময় মিত্রকে ৫ বছর সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। বরিশালে প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম.এ হামিদ সোমবার বিকালে এ দন্ডাদেশ দেন।
একই মামলায় চিম্ময় মিত্রের সহযোগী নিধু মিস্ত্রী ও রুবেলকে ৩ বছর করে কারদান্ড দেয়া হয়। তারমধ্যে রুবেল পলাতক আছেন। উপ পরিদর্শক চিম্ময় মিত্র সর্বশেষ বরিশাল কোতোয়ালী মডেল থানায় কর্মরত ছিলেন।
আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ২৪ জুলাই নগরীর বিমান বন্দর থানার উপ পরিদর্শক সুলতান আহম্মেদ মাদক বিক্রেতা নিধু মিস্ত্রিকে ৪৮ বোতল ফেন্সিডিলসহ আটক করেন। জিজ্ঞাসাবাদে নিধু পুলিশকে জানায়, তিনি ১০ হাজার টাকা মাসিক বেতনে উপ পরিদর্শক চিন্ময় মিত্র ও বেল্লালের মাদক বিক্রি করেন। চিন্ময় মিত্র তাকে ৩০০ বোতল ফেন্সিডিল বিক্রি করতে দিয়েছিলেন। তারা চিন্ময়ের নির্দেশে মাদক বিক্রির টাকা এসএ পরিবহন ও বিকাশের মাধ্যমে বিভিন্ন স্থানে পাঠাতেন। পরে একই স্বীকারোক্তি দিয়ে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দেয় নিধু।
এ ঘটনায় দায়ের হওয়া মামলাটি পুলিশের গোয়েন্দা বিভাগ তদন্ত করে উল্লেখিত তথ্যের সত্যতা পায়। ২০১৬ সালের ৫ সেপ্টেম্বর উপ পরিদর্শক চিন্ময় মিত্র সহ ৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা রেজাউল ইসলাম। দুজনের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় আদালতের রায়ে তাদের খালাস দেয়া হয়েছে।
গত ১৯ জুন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পন করলে তাকে কারাগারে পাঠানো হয়। পরে উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন তিনি। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচার চলাকালে ১৪ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। অভিযোগ প্রমানিত হওয়ায় চিন্ময় মিত্র, নিধু ও রুবেলকে উপরোক্ত দন্ড দেয়া হয়।
২০১৯-১০-২১
