নাগরিক রিপোর্ট ॥ বরিশালের বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের সদস্য ও বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি গোলাম ফারুককে দল থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে। রোববার জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. তালুকদার মো. ইউনুস স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, গোলাম ফারুক অনৈতিক কাজে লিপ্ত থেকে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগে তাকে জেলা আওয়ামীলীগের সদস্য ও বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতির পদ থেকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে। এক তরুনীকে ধর্ষনের ঘটনায় মামলা দায়েরের পর তার বিরুদ্ধে এ ব্যবস্থা নিলো দল।
বৃহস্পতিবার রাজধানীর ভাটারা থানায় ফারুকের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগে মামলা করেন এক তরুনী। ওই তরুনী অভিযোগ করেন, বিয়ের প্রলোভন দেখিয়ে ফারুক তাকে দেড়মাস যাবত ধর্ষন করে আসছিলেন। রাজধানীর পল্লবী এলাকার বাসিন্দা ওই তরুনী একটি বিউটি পার্লারে কাজ করেন। তার গ্রামের বাড়ি বরিশাল। দুই মাস আগে তরুনীর মোবাইল ফোনে অজ্ঞাত নম্বর থেকে কল আসলে প্রথমে তরুনী কল কেটে দেন। পরে একই নম্বর থেকে বার বার কল করা হতো তাকে। এক পর্যায়ে তাদের মধ্যে সম্পর্ক তৈরী হয়। বিয়ের প্রভোলন দেখিয়ে বসুন্ধরা আবাসিক এলাকার ফ্লাটে নিয়ে মেয়েটিকে ধর্ষন করতেন গোলাম ফারুক। সম্প্রতি তরুনী বিয়ের জন্য চাপ দিলে নানা কৌশল করতে থাকেন ফারুক। বিয়ে করবেন- এমন প্রতিশ্রুতি দিয়ে ঘোরাতে থাকেন। প্রত্যাখাত হয়ে ফারুকের বিরুদ্ধে মেয়েটি গত বৃহস্পতিবার রাতে ভাটারা থানায় মামলা করেন। গোলাম ফারুকের বিরুদ্ধে রাজধানীতে ধর্ষন মামলা হওয়ার ঘটনা নিয়ে বরিশাল ও বানারীপাড়ার স্থানীয় রাজনীতিতে তোলপাড় চলছে।
২০১৯-১০-২৭
