নাগরিক রিপোর্ট ॥ বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাহাদুরপুর সংলগ্ন মেঘনা ও ইলিশা নদীর সংযোগস্থল থেকে ১০ জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বরিশাল জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম।
মেহেন্দিগঞ্জ থানা পুলিশ সুত্র জানায়, রোববার ভোলার জেলার চরফ্যাশন উপজেলার একটি মাছধরা ট্রলার সারাদিন মেঘনায় ইলিশ শিকারের পর ২০ জেলেসহ চাঁদপুরে যায় মাছ বিক্রি করতে। ওই ট্রলারটি রোববার আনুমানিক ২টায় চাঁদপুর থেকে চরফ্যাশন ফেরার পথে মেঘনার বাহদুরপুর পয়েন্টে ডুবে যায়।
মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবিদুর রহমান লাশ উদ্ধার করতে যাওয়া সহকারী উপ পরিদর্শক ইন্দ্রজিতের বরাত দিয়ে জানান, রোববার রাতে একটি এবং সোমবার রাত ৮টাা মধ্যে আরও ৯টি লাশ উদ্ধার করা হয়। একই সময়ের মধ্যে ডুবে যাওয়া ট্রলারটিও নদীর তলদেশ থেকে উত্তোলন করা সম্ভব হয়েছে বলে জানান তিনি।
মেহেন্দিগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, নিহত জেলেরা সবাই ভোলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা। ঘটনাস্থলে ভোলা জেলা পুলিশের একটি দল পৌছেছে। তাদের কাছে লাশগুলো হস্তান্তর করা হয়েছে।
২০১৯-১১-১১
