নাগরিক রিপোর্ট : বরিশালের সদর উপজেলার চন্দ্রমোহন সংলগ্ন কালাবদর নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে জহির হাওলাদার (৩০) নামের এক জেলে নিখোঁজ রয়েছেন। এসময় মো. হাসান (২২) নামের অপর এক জেলে আহত হন। আহত হাসানকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।
বৃহস্পতিবার ভোর রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ জহির চন্দ্রমোহন এলাকার আব্দুল গনি হাওলাদারের ছেলে। আহত হাসান একই এলাকার মো. শাহজাহান মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, বুধবার রাতে জহির ও হাসান নৌকায় করে কালাবদর নদীতে মাছ ধরতে যান। ভোররাতে ঢাকা থেকে পটুয়াখালীগামী যাত্রীবাহি লঞ্চ তাদের নৌকাকে ধক্কা দেয়। নৌকাটি ভেঙ্গে তলিয়ে যায়। এতে দু’জনই আঘাত প্রাপ্ত হন। হাসান সাতরে তীরে উঠতে পারলেও জহুরুলের কোন খোঁজ পাওয়া যায়নি।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার জানান, সকালে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। এরপর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তায় নদীতে নিখোঁজ জেলের সন্ধান চালান। তবে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত নিখোঁজ জহিরের সন্ধান মেলেনি।
ওসি আনোয়ার হোসেন তালুকদার আরো জানান, নৌকাটিকে ধাক্কা দেয়া লঞ্চটির নাম জানা যায় নি। আহত জেলে হাসানও লঞ্চটির নাম বলতে পারছে না। লঞ্চটি শনাক্তের চেস্টা চলছে বলে জানান ওসি।
২০১৯-১১-২১
