নাগরিক রিপোর্ট ॥ বরিশাল নগরীর পুলিশ লাইনস সড়কে বৃহস্পতিবার কুরিয়ার সার্ভিস ‘এসএ পরিবহন’ কার্যালয়ে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় ১৫ বস্তা নিষিদ্ধঘোষিত পলিথিন উদ্ধার করা হয়। অভিযানকালে ভ্রাম্যমান আদালত এসএ পরিবহনের ম্যানেজারসহ ২জনকে গ্রেফতার করে কারাদন্ড প্রদান করেছেন। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, কুরিয়ার সার্ভিস এসএ পরিবহন বিভিন্ন সময়ে নিষিদ্ধঘোষিত পলিথিন বহন করে আসছে।
পরিবেশ অধিদপ্তরের বরিশাল কার্যালয়ের পরিদর্শক তোতা মিয়া বলেন, বুধবার রাতে গাড়ি বোঝাই করে পলিথিন আনে এসএ পরিবহন। সকালে কার্যালয়ে অভিযান চালিয়ে ১৫ বস্তা পলিথিন যার আনুমানিক ওজন ১৫শ কেজি উদ্ধার করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আ: হালিম গ্রেফতারকৃত এসএ পরিবহন ম্যানেজার জাহাঙ্গির আলমকে নিষিদ্ধ ঘোষিত পলিথিন বহনের দায়ে ৬ মাসের কারাদন্ড, ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৪৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। একই সময়ে ওই পলিথিন নিতে আসা মজিবর রহমান নামে অপর একজনকে একই সাজা প্রদান করেন।
২০১৯-১১-২৮
