পাবলিক বিশ্ববিদ্যালয়ে সান্ধ্য কোর্স বন্ধ’র নির্দেশ

Spread the love

নাগরিক রিপোর্ট : সান্ধ্য কোর্স বন্ধ ও আইন যথাযথভাবে মেনে চলাসহ ১৩ দফা নির্দেশনা দেয়া হয়েছে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে। এ সব বিশ্ববিদ্যালয়ের অ্যাপেক্স বডি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বুধবার ওই নির্দেশনা পাঠায়।
এতে ভিসিদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন এবং নতুন বিভাগ ও পদ সৃষ্টিতে ইউজিসির পূর্বানুমোদন গ্রহণ, নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের আইন অনুসরণের তাগিদও দেয়া হয়েছে। দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসিদের পাঠানো ওই নির্দেশনা সংবলিত চিঠির বিষয় রাষ্ট্রপতি তথা চ্যান্সেলর এবং প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়েও চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।
ইউজিসি সদস্য অধ্যাপক ড. দিল আফরোজা বেগম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, সান্ধ্য কোর্স পরিচালনা করায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের বৈশিষ্ট্য ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করে বিধায় তা বন্ধ হওয়া দরকার।
উল্লেখ্য, পাবলিক বিশ্ববিদ্যালয়ে সান্ধ্য কোর্স নিয়ে সংঘটিত নানাদিক নিয়ে গত ১৯ আগস্ট যুগান্তরে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। রাষ্ট্রপতি এবং বিশ্ববিদ্যালয়গুলোর চ্যান্সেলর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ নিয়ে বলে আসছেন। কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো বিষয়টি আমলে নিচ্ছে না। এ পরিস্থিতিতে এবার খোদ ইউজিসি চিঠি দিল। এতে বিশ্ববিদ্যালয়গুলোতে অন্যান্য ক্ষেত্রে সংঘটিত অনিয়ম-দুর্নীতির বিষয়েও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
চিঠিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক প্রধান হিসেবে ভিসিরা নিজেদের মেধা, জ্ঞান ও প্রজ্ঞা দিয়ে তাদের ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য প্রতিপালন করে যাচ্ছেন। তবুও নানা কারণে কোনো কোনো ক্ষেত্রে নিয়ম-নীতি অনুসরণে শিথিলতা দেখা যাচ্ছে। এ সব কারণে উচ্চশিক্ষা প্রশাসনে সৃষ্টি হচ্ছে বিশৃঙ্খলা, যা কাম্য নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *