বরিশালে ছুরিকাঘাতে কলেজ ছাত্র নিহত

Spread the love

নাগরিক রিপোর্ট: বরিশালের বাকেরগঞ্জের ছোট পুইয়াউটা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছুরিকাঘাতে মাহমুদুল হাসান সজিব(১৯) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। নিহত ওই ছত্র উপজেলার মহেশপুর ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থী। রোববার সংঘটিত এ ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম বলেন, কলেজ ছাত্র হত্যার ঘটনায় শুভ্রত সরকার (১৮)সহ ৮জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার নিয়ামতি ইউনিয়নের ছোট পুইয়াউটা গ্রামের নিহত মাহমুদুল হাসান সজিব এর পিতা রাজ্জাক কারিগরের সাথে একই গ্রামের পরিমল সরকার ও সকানাথ এর সাথে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। রোববার সকালে সকানাথরা ওই বিরোধীয় জমির মাটি কাটে। এ খবর জানতে পেরে নিহত সজিবের চাচা তৈয়ব আলী কারিগর ঘটনাস্থলে গিয়ে তাদের মাটি কাটতে বাধা দিলে সকানাথ ও পরিমল সরকার ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তার উপর হামলা করে। খবর পেয়ে সজীব তার চাচাতো বোন সাজেদা ও ভগ্নিপতিকে নিয়ে তাকে(তৈয়ব আলী) রক্ষা করতে গেলে বখাটে শুভ্রত সরকার তার বুকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। সজিবের লাশ ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মূল ঘাতক শুভ্রত সরকারসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী নিহত সজীবের ফুফু রাজিয়া বেগম জানান, তাদের সামনেই ঘাতক শুভ্রত কলেজ নিহত সজীবকে ছুরি মেরে রক্তাক্ত করে। এ সময় পবিত্র চক্রবতী নামের একটি ছেলে ভিডিও করছিল। তারা সজিবকে বাঁচানোর জন্য বারবার অনুরোধ জানালেও সে কোন কর্ণপাত না করে হত্যাকান্ডের ভিডিও করে। বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার রকিব আহমেদ ও সহকারী পুলিশ সুপার সদর সার্কেল আনোয়ার সাঈদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এব্যপারে বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার রকিব আহমেদ সাংবাদিকদের জানান, কলেজ ছাত্র সজীবের হত্যায় জড়িত অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে। এ ঘটনা যাতে কেউ ভিন্নখাতে প্রবাহিত করতে না পারে সেজন্য তিনি সকলকে সচতেন হতে পরামর্শ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *