‘নদীর অবৈধ দখলদার উচ্ছেদে প্রয়োজনে সেনাবাহিনী নিয়োগ’

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার বলেছেন, যে কোন মূল্যে নদীর অবৈধ দখলদার উচ্ছেদ করতে হবে। নদীর অবৈধ দখলদার যতই শক্তিশালী হোক, কাউকে ছাড় দেয়া হবে না। প্রয়োজনে বিজিবি, এমনকি সেনাবাহিনী নিয়োগ করে হলেও অবৈধ দখলদারদের কবল থেকে নদী রক্ষা করতে হবে। মঙ্গলবার বরিশাল জেলা প্রশাসনের সভাকক্ষে জেলা নদী রক্ষা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বক্ষনিক সদস্য মো. আলাউদ্দিন। সভায় নদী রক্ষা কমিশন চেয়ারম্যান আরও বলেন, সি.এস পর্চার নকশা ধরেই দখলদারদের উচ্ছেদ করে নদী উদ্ধার করা হবে। দেশের অন্যান্য জেলায় নদী রক্ষার কার্যক্রম চলমান থাকলেও বরিশাল নদী বন্দর এলাকায় শিঘ্রই অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেয়া হয়েছে।
বিভিন্ন স্থানে ড্রেজিং করে নদীর পলি ফের নদীতে ফেলার বিষয়ে নদী কমিশন চেয়ারম্যান আরও বলেন, সারা দেশে একই অভিযোগ পাওয়া যাচ্ছে। এটা ফৌজদারী অপরাধ। প্রয়োজনে অভিযুক্তের বিরুদ্ধে মামলা করার বিধানও আছে। জেলা প্রশাসকদের নেতৃত্বে সব জেলায় বিষয়টি নজরদারী করতে বলা হয়েছে। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শহীদুল ইসলাম, বিআইডব্লিউটিএ’র উর্ধ্বতন কর্মকর্তা, জেলার ১০ উপজেলা চেয়ারম্যান সহ নদী রক্ষা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *