নাগরিক রিপোর্ট ॥ কাভার্ড ভ্যানের ছাদের সিলিংয়ে আলাদা স্তর করে পাচারকালে বরিশালে ২ হাজার ৩৬০ বোতল ফেন্সিডিল এবং ২৫ কেজি গাঁজা বোঝাই একটি কভার্ড ভ্যান সহ ২জনকে আটক করেছে র্যাব। শনিবার রাতে নগরীর নথুল্লাবাদে র্যাব-৮ এর চেকপোস্টে ওই দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলো ফরিদপুরের মধুখালী থানার বকশি চাঁদপুর গ্রামের সাত্তার গাজীর ছেলে সোহেল গাজী ওরফে আল-আমিন (২৮) এবং একই জেলার ভাঙ্গা থানার চুমুরদ্দি গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো: মিঠু (২৫)।
রবিবার বেলা সাড়ে ১২টায় নগরীর রূপাতলী র্যাব-৮ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে র্যাবের কোম্পানী কমান্ডার মেজর খান সজিবুল ইসলাম বলেন, ঝিনাইদাহ থেকে কভার্ড ভ্যানের মধ্যে বিশেষ কৌশলে বিপুল পরিমান মাদক বরিশালে পাঁচার করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র্যাব-৮ এর একটি টিম নগরীর নথুল্লাবাদ সিএন্ডবি সড়কে চেকপোস্ট স্থাপন করে। শনিবার রাতে একটি সন্দেহভাজন জরুরী রপ্তানী কাজে নিয়োজিত স্টিকার লাগানো কাভার্ড ভ্যান তল্লাশী করে ছাদের সিলিংয়ে বিশেষ স্তর তৈরি করে সেখানে রাখা ২ হাজার ৩৬০ পিস নিষিদ্ধ ফেন্সিডিল এবং ২৫ কেজি গাঁজা উদ্ধার করে র্যাব-৮ এর সদস্যরা। এ সময় ওই ২জন সহ কাভার্ড ভ্যানটি আটক করে র্যাব।
এই চক্র দির্ঘদিন ধরে বিশেষ কৌশলে বরিশালে ফেন্সিডিল এবং গাঁজা সরবরাহ করে আসছিলো বলে জানিয়েছে র্যাব। জিজ্ঞাসাবাদ শেষে তাদের রবিবার তাদের কোতয়ালী থানায় সোপর্দ করে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে র্যাব-৮ এর কোম্পানী কমান্ডার মেজর খান সজিবুল ইসলাম জানিয়েছেন।
২০১৯-১২-২৯
